আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্রমাগত অপরাধ-প্রতারণার সম্মুখীন হচ্ছেন। এ ক্ষেত্রে অপরাধীরা সুসংগঠিতভাবে অপরাধের মাধ্যমে যেসব হুমকির সৃষ্টি করে, সেগুলোর মধ্যে জাহাজ হাইজ্যাকিং, ক্রুদের জিম্মি করা, বন্দরে অথবা সমুদ্রে মালামাল ও ব্যবসায়িক পরিচয়পত্র চুরি, আন্তসীমান্ত ও রোড ফ্রেইট ইত্যাদি অন্যতম। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি) আয়োজিত এক কর্মশালা উদ্বোধনকালে এর সভাপতি মাহবুবুর রহমান এসব কথা বলেন। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল রোববার আন্তর্জাতিক বাণিজ্যে প্রতারণা: প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও প্রতিকারসমূহ’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় আইসিসিবির ব্যাংকিং, টেকনিক ও প্র্যাকটিসেস-সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান মামুন রশীদ। কর্মশালাটি পরিচালনা করেন আইসিসি-ইন্টান্যাশনাল ক্রাইম সার্ভিসেসের পরিচালক ও প্রধান মুকুন্দন। এতে বিভিন্ন ব্যাংক, ওষুধ কোম্পানি, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলোর ৯৩ জন প্রতিনিধি যোগ দেন। আইসিসিবির সভাপতি বলেন, অনলাইন বাণিজ্য বাড়ার ফলে আন্তর্জাতিক পর্যায়ে মানি লন্ডারিংসহ নতুন ধরনের অপরাধ-প্রতারণার সৃষ্টি হয়েছে। বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্যের চেয়ে বাণিজ্যিক অপরাধই দ্রুত বাড়ছে। অপরাধীরা আগের চেয়ে অনেক জটিল অপরাধ করছে এবং এখন সংখ্যায়ও অনেক বেশি। তাদের সংঘটিত অপরাধ-প্রতারণা কেবল কোনো নির্দিষ্ট অঞ্চল, দেশ বা শিল্পে সীমাবদ্ধ নয়। মাহবুবুর রহমান আরও বলেন, বিশ্বে বর্তমান জীবনযাত্রায় ইন্টারনেট যেমন আশীর্বাদ হয়ে এসেছে তেমনি একই সঙ্গে ভোক্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন ধরনের হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। হ্যাকার ও ক্র্যাকার—এ ধরনের অপরাধীরা বিভিন্ন কৌশলে ইন্টারনেট অ্যাকাউন্টে ঢুকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে ভোক্তার হিসাব থেকে প্রচুর অর্থ হাতিয়ে নেয়। আইসিসিবির সভাপতি বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশ দ্রুত প্রবৃদ্ধি অর্জন করছে। আমদানি-রপ্তানি দুটোই এখন ব্যাপক হারে বাড়ছে। এতে সংশ্লিষ্ট অন্য সবার মতো বাংলাদেশও আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়নে ঝুঁকির মধ্যে রয়েছে।