আন্তর্জাতিক মুদ্রাবাজার এখনো নাজুক রয়েছে: আইএমএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরো অঞ্চলের সংকটের প্রভাবে বিশ্ব আর্থিক খাতে যে সংকট দেখা দিয়েছে, তা কাটিয়ে ওঠার জন্য বিশ্বের প্রধান রাষ্ট্রগুলো বেশ কিছু পদক্ষেপ নেয়। এর প্রভাবে মুদ্রাবাজার-পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে এলেও তা এখনো নাজুক। আর তাই দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে নীতিবিষয়ক আরও প্রচেষ্টা চালানো দরকার।জাপানের রাজধানী টোকিওতে চলমান বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল বুধবার বিশ্বের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আইএমএফের অর্থবিষয়ক উপদেষ্টা এবং মুদ্রা ও পুঁজিবাজার বিভাগের পরিচালক হোসে ভিনিয়ালস এসব কথা বলেন। আইএমএফের কর্মকর্তার মতে, ইউরো অঞ্চল এখনো মূল ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত হচ্ছে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের গ্রহণ করা পদক্ষেপ সবচেয়ে ভীতিকর হিসেবে দেখা দেওয়া আশঙ্কা দূর করে নিতে আংশিকভাবে সহায়ক হলেও সংকট স্থায়ীভাবে কাটিয়ে উঠতে হলে নীতিসংক্রান্ত এসব পদক্ষেপ আরও সুংহত করা দরকার। হোসে ভিনিয়ালস আরও বলেন, জাতীয় ও ইউরো অঞ্চল পর্যায়ে সঠিক নীতি বাস্তবায়নে ব্যর্থতা ইউরোপের প্রধান ব্যাংকগুলোর ওপর চাপ আরও বাড়াবে। ফলে এসব ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দুই লাখ আশি হাজার কোটি ডলার পর্যন্ত সংকুচিত হতে পারে। এমন অবস্থায় দুর্বল ব্যাংকগুলোর আরও পুনর্গঠন কিংবা প্রয়োজনে বিলুপ্তি হওয়া দরকার বলে মন্তব্য করেন তিনি। অবশ্য তাঁর এমন মন্তব্যকে আর্থিক বাজারে আইএমএফ শক্তিশালীদের পক্ষাবলম্বন করছে—এমন অভিযোগের সত্যতাই প্রমাণ করছে বলে উল্লেখ করেছেন অনেকে। জাপানের আর্থিক পরিস্থিতির দুর্বল দিকের উল্লেখ প্রসঙ্গে হোসে ভিনিয়ালস বলেন, জাপানের দুর্বল দিক হচ্ছে বাজেট ঘাটতি এবং রেকর্ড পরিমাণ সরকারি ঋণ। অন্যদিকে চীন ও ভারতসহ এশিয়া ও লাতিন আমেরিকার উদীয়মান বাজারে ইউরো সংকটের প্রভাব সীমিত হলেও দূরবর্তী প্রতিক্রিয়া থেকে এসব দেশ পুরোপুরি মুক্ত নয় বলে ভিনিয়ালস উল্লেখ করেন। এদিকে বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল টোকিওতে এসে উপস্থিত হলে বিশ্বব্যাংক ও আইএমএফ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের সবাই এখন কর্মব্যস্ত সময় অতিবাহিত করছেন। আগামী দুই দিনে অর্থমন্ত্রী সম্মেলনের মুখ্য কয়েকটি অধিবেশনে যোগ দেওয়া ছাড়াও বিশ্বব্যাংক ও আইএমএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতামত বিনিময় করবেন, জাপানি কর্তৃপক্ষের উচ্চপর্যায়ে সাক্ষাৎ করবেন এবং সম্মেলন উপলক্ষে টোকিওতে সমবেত কয়েকটি দেশের অর্থমন্ত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।