আন্তর্জাতিক রেনমিনবি লেনদেন সূচনা করল এইচএসবিসি
দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) লিমিটেড সম্প্রতি ব্যাংকটির অন্যতম করপোরেট গ্রাহক রিং শাইন টেক্সটাইলস লিমিটেডের জন্য বাংলাদেশে এই প্রথমবারের মতো আন্তর্জাতিক রেনমিনবি লেনদেনের সূচনা করেছে।রিং শাইন টেক্সটাইলস লিমিটেড নামক এই প্রতিষ্ঠানটি ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ডিইপিজেড) অবস্থিত। লেনদেনের চুক্তি অনুযায়ী চীন থেকে সুতা আমদানি করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি এইচএসবিসির মাধ্যমে ডকুমেন্টারি ক্রেডিটের সুবিধা গ্রহণ করছে।এ ধরনের আন্তর্জাতিক রেনমিনবি লেনদেনের মাধ্যমে আমদানি ও রপ্তানিকারকেরা উল্লেখযোগ্য অর্থ সাশ্রয়, মুদ্রা বিনিময় হারের তারতম্যজনিত ঝুঁকি হ্রাস এবং পোর্টফোলিও বিস্তারের সুযোগ পাবেন, যা বিভিন্ন দেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য সম্পর্কের সুফলও বয়ে আনে। চীনা মুদ্রাকে রেনমিনবি বলা হয়।এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী সঞ্জয় প্রকাশ এ প্রসঙ্গে বলেন, রেনমিনবি লেনদেন বাংলাদেশে এই প্রথম সূচনা করে গ্রাহকদের ব্যবসায়িক কর্মকাণ্ডকে এইচএসবিসি আরও সহজ এবং সুবিধাজনক করে তুলেছে।এইচএসবিসি বাংলাদেশের করপোরেট ব্যাংকিং প্রধান মো. মাহবুব-উর-রহমান বলেন, এই লেনদেন আন্তর্জাতিক বাণিজ্যে এইচএসবিসির নেতৃস্থানীয় ভূমিকারই প্রমাণ।এইচএসবিসি বাংলাদেশের গ্লোবাল মার্কেটসের প্রধান বাশার এম তারেক বলেন, চীনা মুদ্রায় বিবিধ লেনদেন সূচনা করার সক্ষমতা এশিয়ার সবচেয়ে শক্তিশালী বৈশ্বিক ব্যাংক হিসেবে এইচএসবিসির সুনামকে সুদৃঢ় করেছে।বিশ্বে প্রথম আন্তর্জাতিক ব্যাংক হিসেবে এ ধরনের লেনদেন সম্পন্ন করা এইচএসবিসির রেনমিনবি দক্ষতা ছয়টি মহাদেশের অপরাপর ব্যাংকগুলোর মধ্যে অন্যতম বৃহৎ। বিজ্ঞপ্তি।