আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) মাধ্যমে ঢাকার অদূরে একটি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র নির্মাণ করবে সরকার। নির্মাণকাজ শুরুর পরিকল্পনা আগামী ডিসেম্বর থেকে এবং পরবর্তী দুই বছরের মধ্যেই সরকার তা শেষ করতে চায়।
সচিবালয়ে গতকাল রোববার আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র নির্মাণসংক্রান্ত আন্তমন্ত্রণালয়ের এক বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা জানান।
তবে এতে কত ব্যয় হবে, তা জানাননি অর্থমন্ত্রী। জমির দাম বেড়ে যাওয়ার অজুহাতে সম্ভাব্য জায়গার নামও বলেননি তিনি।
অর্থমন্ত্রী জানান, নির্মিতব্য এ সম্মেলন কেন্দ্রে পাঁচ হাজার লোক বসার মতো গ্যালারি ও ২০০ অফিস থাকবে। নির্মাণের জন্য লাগবে ১০০-১৫০ বিঘা জমি।
বৈঠকে চারটি সম্ভাব্য স্থান নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে তিনটি স্থানকে উপযুক্ত বলে বিবেচনা করা হয়। পূর্তসচিবকে চেয়ারম্যান করে এ ব্যাপারে একটি কমিটি গঠন করা হয়েছে। বাণিজ্যসচিব, রেলপথসচিব, সড়কসচিব এবং ঢাকা জেলা প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার কমিটির সদস্য।
অর্থমন্ত্রী জানান, কমিটি দুই মাসের মধ্যে পৃথক তিনটি পরিকল্পনা তৈরি করে জমা দেবে।
সম্ভাব্য তিনটি স্থানের নাম বলতে চেয়েও অর্থমন্ত্রী বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তার আপত্তির কারণে আর জানাননি। এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘না, থাক। জায়গার নাম না বলি। আগে বললে জমির দাম বেড়ে যায়।’
সম্মেলন কেন্দ্র নির্মাণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললে অর্থমন্ত্রী বলেন, ‘যৌক্তিকতা নিয়ে আমার কোনো সংশয় নেই।’
বিমানবন্দর স্থাপন করতে গিয়ে জনগণের বাধার কারণে নির্ধারিত স্থান থেকে সরে আসতে হয়েছে সরকারকে। সম্মেলন কেন্দ্র নির্মাণ করতে গিয়েও স্থানীয় জনগণের বাধার সম্মুখীন হলে সরকার কী করবে, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এ ক্ষেত্রে এ ধরনের কিছু হবে না।