আন্তর্জাতিক স্বীকৃতি পেল রবি টেন মিনিট স্কুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের সেরা ই-লার্নিং প্ল্যাটফর্ম হিসেবে ইন্টারন্যাশনাল এডুকেশন অ্যাওয়ার্ড (আইইএ) পেল দেশের বৃহত্তম ডিজিটাল স্কুল রবি টেন মিনিট স্কুল। সম্প্রতি ভারতের গোয়ায় অনুষ্ঠিত আইইএ সামিটে এ পুরস্কার দেওয়া হয়।

বিনা মূল্যে দেশের তরুণদের মানসম্মত ডিজিটাল শিক্ষা কনটেন্ট পৌঁছে দেওয়ায় ‘বেস্ট ই-লার্নিং প্ল্যাটফর্ম অব ২০১৯’ পুরস্কার পেয়েছে রবি টেন মিনিট স্কুল। ডিজিটাল স্কুলের অনন্য বৈশিষ্ট্য হলো, দেশের যেকোনো প্রান্ত থেকে মানসম্মত শিক্ষার সুযোগ পান শিক্ষার্থীরা।

এক বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানায় রবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনের একটি অংশ হচ্ছে আইইএ, যার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে অনবদ্য অবদানের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বা শিক্ষকদের স্বীকৃতি দেওয়া হয়।

আইএ পুরস্কার ছাড়াও সম্প্রতি দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯-এ ‘আইসিটি স্টার্টআপ অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছে রবি টেন মিনিট স্কুল।

এশিয়ার টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি আজিয়াটা গ্রুপ বারহাদের (মালয়েশিয়া) একটি কোম্পানি হচ্ছে রবি আজিয়াটা লিমিটেড (রবি)। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর।