আপত্তি জানিয়েছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ দেশের শিল্প রক্ষার কথা বলে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানিতে সুরক্ষামূলক শুল্কারোপের যে উদ্যোগ তুরস্ক নিয়েছে, বাংলাদেশ তাতে আপত্তি জানিয়েছে।জানা গেছে, তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইতিমধ্যে বাংলাদেশ সরকারের পক্ষে তুর্কি সরকারকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন। এতে স্বল্পোন্নত দেশ (এলডিসি) ও মুসলিম দেশ বিবেচনায় সেখানে শুল্কমুক্ত রপ্তানির সুযোগ অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি এ বিষয়ে করণীয় নির্ধারণ করতে বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমানকে প্রধান করে একটি কোর কমিটি গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশের পোশাক রপ্তানির কারণে তুরস্কের পোশাক খাত যে ক্ষতিগ্রস্ত হয়নি, কোর কমিটি এ রকম একটি অবস্থানপত্র চলতি মাসের মধ্যেই তৈরি করে দেবে।বর্তমানে এলডিসি হিসেবে বাংলাদেশ সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধায় তুরস্কে পোশাক রপ্তানি করছে। আর ভারতসহ উন্নয়নশীল দেশগুলো ৯ দশমিক ৬০ শতাংশ এবং চীন ও উন্নত দেশগুলো ১২ শতাংশ শুল্ক দিয়ে তুরস্কে পোশাক রপ্তানি করছে।জানা গেছে, তুরস্ক যদি সংরক্ষণমূলক পদক্ষেপ নেয়, তাহলে বাংলাদেশসহ এলডিসিগুলোকে ২৭ শতাংশ, উন্নয়নশীল দেশগুলোকে অতিরিক্ত ৩৭ শতাংশ ও চীনসহ উন্নত দেশগুলোতে অতিরিক্ত ৪০ শতাংশ শুল্ককর পরিশোধ করতে হবে।সূত্র জানায়, তুরস্ক বাংলাদেশি পণ্যের নবম বৃহত্তম আমদানিকারক দেশ। দেশটি ২০০৯-১০ অর্থবছরে দুই হাজার ৭০৭ কোটি টাকার পণ্য নিয়েছে বাংলাদেশ থেকে।বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তুরস্কের পোশাকশিল্পের মালিকেরা দেশটির সরকারের কাছে আবেদন করেছেন যে বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণ পোশাক আমদানির কারণে অভ্যন্তরীণ কারখানাগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ আবেদনের পরিপ্রেক্ষিতে দেশটির সরকার প্রাথমিকভাবে একটি অনুসন্ধান চালায়। অনুসন্ধানে এ অভিযোগের সত্যতা পাওয়ার পর সংরক্ষণমূলক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এ পরিপ্রেক্ষিতে ১১ জানুয়ারি তুরস্ক সরকার অনলাইনে সংরক্ষণমূলক পদক্ষেপ নেবে বলে নোটিশ দিয়েছে।বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ১১ জানুয়ারি নোটিশ জারির পর ২০ দিন সময়ের মধ্যে আপত্তি জানানোর বিধান রয়েছে। তুরস্কের এ উদ্যোগের বিপরীতে ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়, বিজিএমইএ, ট্যারিফ কমিশনসহ অনেক প্রতিষ্ঠান আপত্তি জানিয়ে নিবন্ধন করেছে। www.dtm.gov.tr ঠিকানায় ফরম পূরণ করে আপত্তি জানানো যাবে। বাণিজ্য মন্ত্রণালয় থেকেও আপত্তি জানানোর ফরম পাওয়া যাবে।বাণিজ্য মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা জানান, অভ্যন্তরীণ শিল্প খাত ধ্বংস হওয়ার বিষয়ে তুরস্ক অধিকতর তদন্ত করছে। এ তদন্ত চলবে ৯ থেকে ১১ মাস। দেশটি সংরক্ষণমূলক এ পদক্ষেপ গ্রহণ করলে প্রথম দফায় চার বছর, পরে আরও চার বছরের জন্য নবায়ন করতে পারবে। তবে সংরক্ষণমূলক পদক্ষেপ ১০ বছরের বেশি কার্যকর থাকবে না। ওই কর্মকর্তা আরও জানান, সম্প্রতি তুরস্কের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করেছেন। উভয় দেশের বাণিজ্যের পরিমাণ বর্তমানে ১০০ কোটি ডলার। তুরস্কের প্রধানমন্ত্রী ২০১৫ সালের মধ্যে তা বাড়িয়ে ৩০০ কোটি ডলারে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন। এ প্রতিশ্রুতির দিকটি তুরস্কের কাছে গুরুত্বের সঙ্গে তুলে ধরবে বাংলাদেশ।বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, যেহেতু একক কোনো দেশকে উপলক্ষ করে সংরক্ষণমূলক ব্যবস্থা নেওয়া যায় না, তাই একক কোনো দেশকে এ পদক্ষেপের বাইরেও রাখা সম্ভব নয়। তাই বাংলাদেশ চেষ্টা করবে এলডিসিগুলোকে যেন আগের মতোই শুল্কমুক্ত সুবিধা দেওয়া হয়।