ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে পাকিস্তানকে বিশেষ শুল্কছাড় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ তার আপত্তি থেকে সরে আসেনি। কেননা, উন্নয়নশীল দেশ হিসেবে পাকিস্তান স্বল্পোন্নত দেশের (এলডিসি) মতো সুবিধা পেতে পারে না। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নীতি অনুসারে, এলডিসির জন্য দেওয়া শুল্কমুক্ত বা শুল্কছাড়ের সুবিধা উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রযোজ্য নয়। তার পরও ইইউ পাকিস্তানকে যে বিশেষ জিএসপি সুবিধা দিতে চাইছে, সেটার জন্য প্রতিকার চেয়ে ডব্লিউটিওর সদর দপ্তরে আরেক দফা আনুষ্ঠানিক আপত্তি জানাবে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত তৈরি পোশাক ও বস্ত্র খাতের ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে বাণিজ্যসচিব মো. গোলাম হোসেন এসব কথা জানিয়েছেন। পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস, তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনসহ অন্য ব্যবসায়ী নেতারাও এ সময় উপস্থিত ছিলেন। বাণিজ্যসচিব বলেছেন, বাংলাদেশের অবস্থান হলো সাহায্য ও বাণিজ্যকে একসঙ্গে গুলিয়ে ফেলা যাবে না। সাহায্য সাহায্যই আর বাণিজ্য বাণিজ্যই। একটির বদলে আরেকটি হতে পারে না। বাণিজ্যসচিব বলেন, যদি পাকিস্তানকে এই সুবিধা দিতেই হয়, তবে যে ৭৫টি পণ্যে সুবিধা চাওয়া হচ্ছে, সেগুলো থেকে তৈরি পোশাক খাতের আটটি পণ্য বাদ দিতে হবে। গোলাম হোসেন বলেন, এই অবস্থান খুব দ্রুত জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে আনুষ্ঠানিভাবে জানানো হবে। বাংলাদেশের অবস্থান অতীতেও একই ছিল এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে।এর আগে বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খানও সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘পাকিস্তানে বন্যাসহ নানা বিপর্যয় হয়েছে ঠিক। এ ব্যাপারে বাংলাদেশ সহমর্মী। তবে উন্নত দেশগুলোর উচিত এ জন্য পাকিস্তানের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।’ ইউরোপীয় ইউনিয়নের বাজারে পাকিস্তানের তৈরি পোশাক দুই বছরের জন্য ২০ শতাংশ হারে শুল্কছাড়ে প্রবেশাধিকারের চেষ্টা করছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে সহায়তা হিসেবে অনুদানের বদলে এই বাণিজ্য ছাড় পেতে ইতিমধ্যে পাকিস্তান অনেক দূর অগ্রসর হয়েছে। ইউরোপীয় ইউনিয়নও এতে সম্মত। কিন্তু এই সুবিধা পেতে হলে ডব্লিউটিওর অনুমোদন লাগবে। কেননা, উন্নয়নশীল দেশ হিসেবে পাকিস্তান কোনোভাবেই বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশের সমধর্মী সুবিধা পাওয়ার যোগ্য নয়। আর তাই প্রায় বছর খানেক আগেই পাকিস্তানের জন্য যখন ইইউ ডব্লিউটিওতে এই বাণিজ্য ছাড়ের জন্য আবেদন করে, তখন বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা আপত্তি জানায়। বিশেষত, ভারতের আপত্তিটা ছিল অনেক জোরালো। ভারতের পক্ষ থেকে বলা হয়, এটা এমন একটা দৃষ্টান্ত তৈরি করবে, যা অন্যদেরও এ রকম ছাড় পেতে উৎসাহিত করবে। অথচ তা হবে ডব্লিউটিওর নীতিবিধির পরিপন্থী। ভারত অবশ্য এখন তার আপত্তি তুলে নিয়েছে। বরং পাকিস্তানকে সমর্থন করতে যাচ্ছে। তবে জেনেভায় গত সপ্তাহে এ সংক্রান্ত এক বৈঠকে বাংলাদেশে আবারও আপত্তি জানালে বিষয়টি আর অগ্রসর হতে পারেনি। ডব্লিউটিওর বিধান অনুসারে কোনো একটি সদস্য দেশ কোনো বিষয়ে আপত্তি জানালে, তা আর অনুমোদন করা যাবে না।এ বিষয়ের ওপর বাণিজ্য মন্ত্রণালয়ের করা এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ইইউ থেকে জিএসপি পেলে ৮০ কোটি মার্কিন ডলারের বাজার হারাবে বাংলাদেশ। এদিকে পাকিস্তানকে বিশেষ শুল্কছাড়ের সুবিধা প্রদানে আপত্তি প্রত্যাহার করবে বাংলাদেশ আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে এ ধরনের কোনো বক্তব্য দেওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব। তিনি বলেন, ‘রয়টার্স এ ধরনের সংবাদ প্রকাশের আগে তার সঙ্গে কোনো কথা বলেনি।’বাণিজ্যসচিব বলেন, ‘গত জুন মাসে ডব্লিউটিওকে আমাদের একই অবস্থান জানিয়ে দেওয়া হয়।’ বাণিজ্যসচিব আরও জানান, ইইউ পকিস্তানের ১৩টি পণ্যে নির্দিষ্ট পরিমাণ রপ্তানিতে শুল্কছাড়ের সুবিধা দিয়েছে, যার মধ্যে বাংলাদেশের দাবি করা আটটি পণ্যের মধ্যে ছয়টি রয়েছে। জানা গেছে ইইউ ‘জিএসপি প্লাস ২০১৪’ স্কিমের আওতায় পাকিস্তানকে শুল্কছাড়ের সুবিধা দিতে চাইছে। এতে বাংলাদেশের পাশাপাশি শ্রীলঙ্কাসহ বেশ কয়েকটি দেশের আপত্তি আছে। উল্লেখ্য, ২০০৯-১১ সময়কালের জন্য ইউরোপীয় কমিশন ১৬টি উন্নয়নশীল দেশকে জিএসপি স্কিমের আওতায় শুল্কমুক্ত সুবিধা প্রদান করে। এই ১৬টি দেশের মধ্যে আজারবাইজান, বলিভিয়া, কলম্বিয়া, কোস্টারিকা, ইকোয়াডুর, এল সালভাডোর, জিয়োরগিয়া, গুয়েতমালা, হন্ডুরাস, মঙ্গোলিয়া, নিকারাগুয়া, পেরাগুয়ে, পেরু, শ্রীলঙ্কা ও ভেনিজুয়েলা। ইইউ আগামী ২০১৪ সাল পর্যন্ত জিএসপি প্লাস স্কিম অব্যাহত রাখবে। এতে নতুন করে পাকিস্তানকে প্রবেশ করানোর চেষ্টা হচ্ছে।এদিকে অল পাকিস্তান টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (আপটা) ইইউতে আটটি তৈরি পোশাকপণ্যে শুল্কছাড় পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের আপত্তি না জানাতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে।পাকিস্তানের খ্যাতনামা দৈনিক ডনকে আপটার চেয়ারম্যান মহসিন আজিজ বলেছেন, পাকিস্তানের তৈরি পোশাক কখনোই বাংলাদেশের জন্য কোনো হুমকি ছিল না, হবেও না। তিনি দাবি করেন, পাকিস্তান কখনোই ইইউতে বাংলাদেশি পণ্যের প্রবেশের ক্ষেত্রে কোনো বাধা তৈরি করেনি বলেই সেখানে বাংলাদেশের রপ্তানি অনেক বেড়েছে।মহসিন আজিজ আরও বলেন, ইইউর আট হাজার কোটি ডলারের তৈরি পোশাকের বাজারে এখন বাংলাদেশের রপ্তানি এক হাজার ৬০০ কোটি ডলার। অথচ এই বাজারে পাকিস্তানের রপ্তানি মাত্র ১৫০ কোটি ডলার। তাঁর মতে, পাকিস্তানি পোশাকপণ্যকে দুই বছরের জন্য এ সুবিধা দেওয়া হবে, আর তাই এ সময়কালে বাড়তি কোনো বিনিয়োগ হবে না। আর তাই পাকিস্তানি পোশাক রপ্তানি বাংলাদেশের জন্য হুমকি হবে না বলে তিনি উল্লেখ করেন।