আপনার টি-শার্ট বিশ্বকে বাঁচাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোহান নরবার্গ
জোহান নরবার্গ

পশ্চিমাদের কাছে দরিদ্র দেশগুলোর তৈরি পোশাক কারখানা নোংরা ও বিপজ্জনক। তবে সেই কারখানাগুলোর একেকটিই কিন্তু দারিদ্র্য দূর ও মানুষের উন্নয়নে সবচেয়ে বড় আশা। শ্রম অধিকার নিয়ে কাজ করা পশ্চিমা আন্দোলনকারীরা কারখানাগুলোর ব্যাপারে সোচ্চার হলেও ডান ও বামপন্থী গবেষক ও অর্থনীতিকদের মত হচ্ছে, সেখানকার কাজই দারিদ্র্য থেকে বের হওয়ার উপায়।
যেসব দেশ শিল্পনির্ভর অর্থনীতিকে জোর দিচ্ছে, তারা মূলত শ্রমনিবিড় রপ্তানি বাজারের দিকেই যাচ্ছে। এদিকে বারবার খারাপ কর্মপরিবেশ ও কম মজুরির কথা উঠলে আমরা কম্বোডিয়া ও বাংলাদেশের কথা বলি। পশ্চিমের সঙ্গে তুলনা করলে এ দেশগুলো অবিশ্বাস্যভাবে দরিদ্র। এই দরিদ্র শ্রমিকদের পাশাপাশি তাদের বাচ্চাদের কাপড় দেখলে খুব সহজেই বেদনাদায়ক অনুভূতি হতে বাধ্য। তবে এটি খুবই অলস চিন্তাভাবনা। এই দরিদ্র মানুষগুলোর জীবনমান আপনি যদি উন্নত করতে চান তাহলে আপনাকে পর্যবেক্ষণ করতে হবে যে এই কাজ তাদের (শ্রমিকদের) অবস্থান ও দেশের অর্থনীতিতে কী প্রভাব ফেলছে।
বিশ্বব্যাংক বলছে, গত এক দশকে বাংলাদেশ ও কম্বোডিয়া দ্রুত অগ্রগতি করেছে। ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত ১১ বছরে বাংলাদেশের অতিদরিদ্রদের সংখ্যা ৪ কোটি ৪০ লাখ থেকে কমে ২ কোটি ৬০ লাখে দাঁড়িয়েছে। অন্যদিকে কম্বোডিয়ায় ২০১৪ সালে দারিদ্র্যের হার ৫২ শতাংশ থেকে কমে বর্তমানে ২০ শতাংশের কিছুটা ওপরে অবস্থান করছে। বিশ্বের দারিদ্র্য কমানোর ক্ষেত্রে এটি সবচেয়ে ভালো উদাহরণ বলে উল্লেখ করেছে বিশ্বব্যাংক।
চমকপ্রদ এই সাফল্য দেশগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। রপ্তানি খাত নির্ভরতার কারণেই এটি সম্ভব হয়েছে। একই সঙ্গে এটি শ্রমিকদের উৎপাদনক্ষমতা বাড়ানোর পাশাপাশি মজুরি বৃদ্ধি ও কর্মপরিবেশ উন্নত করতে সহায়তা করেছে। নারী শ্রমিকদের জন্য যা খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের এক গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের পোশাক খাতের মজুরি বৃদ্ধির কারণে শ্রমিকদের জন্য সরকারের বিভিন্ন কর্মসূচি হ্রাস করা গেছে।
বাংলাদেশের তৈরি পোশাকশিল্প ১৯৭৯ সালে ভালোভাবে চালু হয়। সে সময় স্থানীয় উদ্যোক্তা ও দক্ষিণ কোরিয়া থেকে ১৩০ শ্রমিক প্রশিক্ষণ নিয়ে এসে আধুনিক উৎপাদন-প্রক্রিয়া শুরু করেন। ১৯৮৭ সালে বাংলাদেশের রপ্তানি বাড়তে থাকে। তখন শতাধিক পোশাক কারখানা ছিল এবং প্রশিক্ষিত সেই ১৩০ জনের মধ্যে ১১৫ জনই চাকরি ছেড়ে নিজেরাই ব্যবসা শুরু করেন।
ইউরোপ ও আমেরিকার মতো আমরা ভালো চাকরি এই দরিদ্র দেশগুলোর মানুষের জন্য চাইতে পারি। তবে মূলধন ও শিক্ষার মাপকাঠিতে এসব দেশের অর্থনীতিতে বিকল্প উপায় নেই। আমি একবার ভিয়েতনামের এক শ্রমিকের সাক্ষাৎকার নিয়েছিলাম। কারখানা কর্তৃপক্ষের প্রতি শ্রমিকটির প্রধান দাবি হচ্ছে প্রতিষ্ঠানটি আরও বড় হোক, যাতে করে তার পরিবারের সদস্যরা একই চাকরি পেতে পারে।
অনেক দ্রুত উন্নতি হচ্ছে না কেন, সে জন্য আমরা আক্ষেপ করতে পারি। তবে আমি বুঝতে পারি, আমি এখনই অনেক কিছু চাইতে পারি। তবে অনেক কিছুই দ্রুতগতিতে পরিবর্তন হচ্ছে। কারণ বিশ্বে অনেক চাকরির দরকার, অল্প না।
[সুইডিশ জোহান নরবার্গ একাধারে লেখক ও ডকুমেন্টারি ফিল্মমেকার। ২০০৭ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রের দ্য ক্যাটো ইনস্টিটিউটে সিনিয়র ফেলো হিসেবে কাজ করছেন। ‘আপনার টি-শার্ট কীভাবে বিশ্বকে বাঁচাচ্ছে’ শীর্ষক এই লেখাটি গত ২৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যের অনলাইনভিত্তিক সংবাদ সংগ্রাহক ও দ্য ব্লগ হাপিংটন পোস্টে প্রকাশিত হয়েছে]
অনুবাদ: শুভংকর কর্মকার