আপাতত একটি শুল্ক থেকে রেহাই পেল পাটপণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের পাটপণ্য আমদানিতে কাউন্টার ভেইলিং ডিউটি (সিভিডি) আরোপের বিষয়ে শুরু হওয়া তদন্ত কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে ভারত। ফলে দেশটিতে পাটপণ্য রপ্তানিতে বাংলাদেশ এ শুল্ক আরোপের শঙ্কা থেকে রেহাই পেয়েছে।
তবে বাংলাদেশি পাটপণ্যের ওপর অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ নিয়ে তদন্ত কার্যক্রম চালিয়ে যাবে ভারত।
প্রতিবেশী দেশটি বাংলাদেশি পাটপণ্যের ওপর সিভিডি ও অ্যান্টি ডাম্পিং দুই ধরনের শুল্ক আরোপের উদ্দেশ্যে গত বছরের শেষ দিকে তদন্ত প্রক্রিয়া শুরু করে। তবে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব অ্যান্টি ডাম্পিং অ্যান্ড অ্যালাইড ডিউটিজের পরিচালক রাজীব আরোরা গত সোমবার এক চিঠিতে বাংলাদেশ ট্যারিফ কমিশনকে (বিটিসি) জানান, কাউন্টার ভেইলিং শুল্ক আরোপের তদন্ত ভবিষ্যতে করা হবে।
বিটিসির কর্মকর্তারা বলছেন, বিশ্ববাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়ম অনুযায়ী, দুই ধরনের শুল্ক আরোপের তদন্ত একসঙ্গে করা যায় না। এ কারণেই ভারত সিভিডি আরোপের তদন্ত আপাতত স্থগিত করল। তারা অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপে ব্যর্থ হলে আবার সিভিডি আরোপের তদন্ত শুরু করতে পারে।
কোনো দেশ তার রপ্তানি পণ্যে ভর্তুকি দিলে আমদানিকারক দেশ স্থানীয় শিল্প সুরক্ষার জন্য ওই পণ্যে অ্যান্টি সাবসিডি বা কাউন্টার ভেইলিং ডিউটি নামের শুল্ক আরোপ করতে পারে। বাংলাদেশ এখন পাটপণ্য রপ্তানিতে ৫ থেকে ১০ শতাংশ হারে নগদ সহায়তা দিচ্ছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হিসাবমতে, ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ থেকে ৮৬ কোটি ৮৫ লাখ ডলার মূল্যের কাঁচা পাট ও পাটপণ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে শুধু ভারতে রপ্তানি হয়েছে ১০ কোটি ৪৪ লাখ ডলারের পণ্য, যা মোট রপ্তানির প্রায় ১২ শতাংশ।
ভারতের পাটকলের মালিকদের কাছ থেকে একটি আবেদন পেয়ে দেশটির সংশ্লিষ্ট সংস্থা কাউন্টার ভেইলিং শুল্ক আরোপের উদ্যোগ নেয়। এ খবর বাংলাদেশকে জানানো হয় গত ১৬ ডিসেম্বর। তবে রাজীব অরোরার সর্বশেষ চিঠিতে বলা হয়, চলমান অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপের তদন্তে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা প্রদানের নিশ্চয়তা দিয়েছে। সে জন্য সিভিডি আরোপের তদন্ত ভবিষ্যতে করা হবে।
এদিকে বাংলাদেশি পাটপণ্যে ভারতের অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের তদন্ত কার্যক্রম এগিয়ে চলছে। বাংলাদেশি পাটকলের মালিকেরা ভারতকে বিভিন্ন তথ্য সরবরাহ করেছেন। এখন আরও তথ্য চাইছে ভারত। ট্যারিফ কমিশন জানিয়েছে, প্রায় সবগুলো পাটকলের কাছে তথ্য চাইলেও ভারত ১২টি পাটকলকে নমুনা হিসেবে ধরে ডাম্পিংয়ের তদন্ত করবে।
জানতে চাইলে বাংলাদেশ জুট গুডস অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘ভারত পাটপণ্যে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করলে দেশের পাটকলগুলো বিপাকে পড়বে। কারণ, ভারত আমাদের একটি বড় বাজার।’ তিনি আরও বলেন, রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে পাটপণ্যের বাজার নষ্ট হয়ে গেছে। এখন ভারতের বিকল্প হিসেবে নতুন বাজার তৈরির সুযোগও কম।
উৎপাদনকারী দেশ তার নিজের বাজারের চেয়ে কম দামে কোনো পণ্য অন্য দেশে রপ্তানি করলে তা ডাম্পিং করা হয়েছে বলে গণ্য করতে পারবে আমদানিকারক দেশ। এর বিপরীতে দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করা যায়। সে লক্ষ্যেই তদন্ত করছে ভারত। পাকিস্তানও সম্প্রতি বাংলাদেশের হাইড্রোজেন পার-অক্সাইডের ওপর প্রায় ১২ শতাংশ এ শুল্ক আরোপ করেছে।