আপাতত তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আজ বৃহস্পতিবার প্রকাশ করা হচ্ছে না। প্রকাশ করতে আরেকটু সময় লাগবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সচিবালয়ে গতকাল বুধবার অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, ‘আমার ঘোষণা অনুযায়ী প্রতিবেদনটি কালকে (আজ বৃহস্পতিবার) প্রকাশ হওয়ার কথা। কিন্তু এখন এটা প্রকাশ করব না। এ জন্য আরেকটু সময় লাগবে।’
প্রতিবেদন প্রকাশে দেরির কারণও ব্যাখ্যা করেন অর্থমন্ত্রী। বলেন, চুরি যাওয়া অর্থ উদ্ধারে বাংলাদেশ-ফিলিপাইনের মধ্যে আলোচনা চলছে। ফিলিপাইনের আদালতে মামলাও হয়েছে। প্রতিবেদনটি এই সময় প্রকাশিত হলে পুরো ব্যাপারটা গোলমেলে (আপসেট) হয়ে যাবে।
অর্থ ফেরত পাওয়ার স্বার্থেই তাহলে প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘হ্যাঁ। আমি তো আজকে শুনলাম আরও অর্থ দেশে ফেরত আসার প্রক্রিয়ায় আছে। আশা করছি, চার থেকে পাঁচ মাসের মধ্যে চুরি যাওয়া পুরো অর্থই (৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার) ফেরত আসবে। এটা একটা সুসংবাদ।’
অর্থমন্ত্রী প্রথম দিকে ভেবেছিলেন, অর্থ উদ্ধার হবে না। উদ্ধারের যে পথ তৈরি হয়েছে, সে জন্য তিনি ফিলিপাইন সরকারকে কৃতিত্ব দিতে চান বলে সাংবাদিকদের জানান। মুহিত বলেন, ‘ফিলিপাইনে আমাদের রাষ্ট্রদূত দেশটির বর্তমান রাষ্ট্রপতিকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন। রাষ্ট্রপতি বলেছেন অর্থ পরিশোধ ছাড়া তিনি বাংলাদেশে আসবেন না।’
প্রতিবেদন প্রকাশ করবেন কবে—জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘তারিখ বলতে পারছি না। তবে এটা নিশ্চিত, প্রতিবেদন প্রকাশ করা হবে।’
এদিকে রিজার্ভের অর্থের বহুমুখী ব্যবহার নিয়েও চিন্তা চলছে বলে জানান অর্থমন্ত্রী। গত বৃহস্পতিবার এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠক হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ব্যাংক কিছু ধারণা দিয়েছে। আমার নিজস্ব ধারণা হচ্ছে, বড় বড় প্রকল্পের অর্থায়নে রিজার্ভ থেকে ঋণ নেওয়া যায়। এর একটি পদ্ধতি বের করতে হবে।’ তিনি বলেন, ‘এই যে বিপুল পরিমাণ রিজার্ভ, তা কাজে লাগানোর ব্যাপারে আমি সত্যিই সিরিয়াস।’