আপাতত নতুন আইএসপি লাইসেন্স নয়
ইন্টারনেট সেবা প্রদানে নতুন কোনো আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) লাইসেন্স আপাতত দেওয়া হবে না। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এ বিষয়ে গত সপ্তাহে একটি নির্দেশনা পাঠিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
বিটিআরসি গত বছরের নভেম্বর থেকে নতুন আইএসপি লাইসেন্স দিতে শুরু করে। এর সাত মাস পর আবার সেই সিদ্ধান্ত থেকে সরে আসছে সংস্থাটি। নতুন করে যেসব আইএসপিকে লাইসেন্স দেওয়া হয়েছে, তাদের ব্যবসায়িক অবস্থান সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওই নির্দেশনায়। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত দুই বছরে সরকার নতুন কোনো আইএসপি লাইসেন্স দেয়নি।
বিটিআরসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে জানান, গত বছরের নভেম্বর থেকে আইএসপি লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর নতুন আবেদন জমা নেওয়া শুরু হয়। সেগুলো থেকে ২০০টি আবেদন বিবেচনার জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিন্তু ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পাঠানো নির্দেশনায় এ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।
বর্তমানে ইন্টারনেট ব্যবসা করার জন্য বিটিআরসি অনুমোদিত ছয়টি শ্রেণিতে মোট ৫০০ আইএসপি লাইসেন্স রয়েছে। এর মধ্যে ১১৭টি নেশনওয়াইড বা দেশব্যাপী আইএসপি, ৭৩টি সেন্ট্রাল জোন আইএসপি, ৫৭টি জোনাল আইএসপি, ১৭৫টি ক্যাটাগরি ‘এ’ আইএসপি, ২৯টি ক্যাটাগরি ‘বি’ আইএসপি ও ৪৮টি ক্যাটাগরি ‘সি’ আইএসপি।
বিটিআরসি সূত্রে জানা গেছে, উন্নত গ্রাহকসেবা নিশ্চিতে সব আইএসপিকে এক ছাতার আওতায় এনে এ-সংক্রান্ত সেবার নতুন একটি নীতিমালার খসড়া তৈরি করা হয়েছে।
জানতে চাইলে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সভাপতি এম এ হাকিম বলেন, ‘নতুন করে আইএসপি লাইসেন্স না দেওয়ার সরকারি সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত। তবে সারা দেশে লাইসেন্স ছাড়াই ২ থেকে ৩ হাজার আইএসপি ব্যবসা করছে। তাদের বিষয়ে আগে সিদ্ধান্ত নেওয়া দরকার।’