আপাতত বাড়ছে না সোনার দাম

আপাতত বাড়ছে না সোনার দাম। আগের দামই বহাল থাকছে। গতকাল শনিবার রাতে এমন সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
এর আগে জুয়েলার্স সমিতি গতকাল শনিবার সন্ধ্যা ছয়টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আজ রোববার থেকে দেশের বাজারে সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা বাড়বে। এতে ভালো মান বা ২২ ক্যারেট সোনার ভরির দাম বেড়ে হচ্ছে ৪৮ হাজার ৬৩৯ টাকা। একই ভাবে ২১ ও ১৮ ক্যারেটের সোনার ভরি হবে যথাক্রমে ৪৬ হাজার ৩৬৪ টাকা ও ৪১ হাজার ২৯১ টাকা। তবে সনাতন পদ্ধতির সোনা ও রুপার দাম আগের মতোই থাকবে। বিশ্ববাজারে মূল্য বৃদ্ধি পাওয়ার সাড়ে চার মাস পর দেশের বাজারে সোনার এই দাম বৃদ্ধি হচ্ছে বলে জানায় বাজুস।
এই বিজ্ঞপ্তি পাঠানোর ছয় ঘণ্টা পর গতকাল রাত সোয়া ১২টার দিকে নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করে আবার সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় জুয়েলার্স সমিতি। তাতে কোনো কারণ উল্লেখ ছাড়াই বলা হয়, সোনার দাম নতুন করে বাড়ছে না। আগের দামই থাকছে। তাতে ভালো মানের বা ২২ ক্যারেটের সোনার ভরি আগের মতোই থাকছে অর্থাৎ ৪৭ হাজার ৪৭২ টাকা। আর ২১ ও ১৮ ক্যারেটের সোনার ভরি যথাক্রমে ৪৫ হাজার ১৯৮ টাকা ও ৪০ হাজার ১২৪ টাকা। অন্যদিকে সনাতন পদ্ধতির সোনার ভরি ২৭ হাজার ৫৮৫ টাকা এবং রুপার ভরি ১ হাজার ৫০ টাকা।
ছয় ঘণ্টার ব্যবধানে সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে আজ রোববার সকালে জুয়েলার্স সমিতির সভাপতি গঙ্গা চরণ মালাকার প্রথম আলোকে বলেন, কমিটির সবাই মিলে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে পরে আবার বড়দিন, জাতীয় সংসদ নির্বাচন ও নববর্ষকে সামনে রেখে সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।
সর্বশেষ গত ৬ আগস্ট সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা কমিয়েছিল জুয়েলার্স সমিতি। সে সময় আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ছিল প্রায় ১ হাজার ২১৪ মার্কিন ডলার। এরপর গত সাড়ে চার মাসে ধারাবাহিকভাবে উত্থান-পতনের মধ্যে ছিল সোনার দর।
গত শুক্রবার বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম বেড়ে ১ হাজার ২৬৩ ডলারে দাঁড়ায়। তার মানে প্রতি আউন্স সোনার দাম ৪৯ ডলার বা সাড়ে চার হাজার টাকার বেশি বেড়েছে।