মুঠোফোন অপারেটরগুলো তৃতীয় পক্ষের মাধ্যমে গ্রাহকদের যেসব ভ্যালু অ্যাডেড সার্ভিস (ভিএএস) বা ভ্যাস সেবা দেয়, তার আয় ভাগাভাগিসহ বিভিন্ন বিষয় নীতিমালার আওতায় আনা হচ্ছে। সে জন্য ভ্যাস নীতিমালা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। এ নীতিমালা চূড়ান্ত না হওয়া পর্যন্ত চুক্তিবদ্ধ তৃতীয় পক্ষের সঙ্গে বিদ্যমান হারে আয় ভাগাভাগি করতে হবে মুঠোফোন অপারেটরদের। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সম্প্রতি এ বিষয়ে অপারেটরদের নির্দেশনা দিয়েছে।
ফোন করা বা খুদে বার্তা পাঠানোর বাইরে মুঠোফোনে তৃতীয় পক্ষের মাধ্যমে যেসব বাড়তি সেবা গ্রাহকদের দেওয়া হয়, সেগুলোকে বলা হয় ভ্যাস। নির্দিষ্ট চুক্তি ও শর্তের মাধ্যমে গ্রাহকদের এসব সেবা দিয়ে থাকে মুঠোফোন অপারেটর ও ভ্যাস প্রতিষ্ঠানগুলো। বর্তমানে এসব সেবা থেকে যে আয় হয়, তার ৩০ থেকে ৫০ শতাংশ ভ্যাস সেবাদাতা প্রতিষ্ঠানগুলো পায়, আর বাকি অংশ পায় মুঠোফোন অপারেটররা। মিসড কল অ্যালার্ট, ওয়েলকাম টিউন, গান শোনার অ্যাপ্লিকেশনভিত্তিক বিভিন্ন সেবা ভ্যাসের মাধ্যমে দেওয়া হয়।
বিটিআরসির নির্দেশনায় বলা হয়েছে, খসড়া ভ্যাস নীতিমালাটি বর্তমানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বিবেচনায় আছে। নীতিমালাটি চূড়ান্ত না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিদ্যমান আয় ভাগাভাগির হার অপরিবর্তিত থাকবে।
জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘যেহেতু এ বিষয়ে এখন একটি নীতিমালা তৈরি হচ্ছে, তাই এখনই আয় ভাগাভাগির বিষয়ে যাতে কোনো পরিবর্তন না আসে, সেটি বলা হয়েছে। কার আয়ের ভাগ কত হবে, সেটি চূড়ান্ত নীতিমালায় নির্ধারণ করে দেওয়া হবে।’
ভ্যাস সেবাদাতা প্রতিষ্ঠানগুলো বলছে, সম্প্রতি কয়েকটি মুঠোফোন অপারেটর আয় ভাগাভাগির অনুপাত ৫০ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ করার কথা তাদের জানিয়েছে। অর্থাৎ একটি সেবা থেকে যদি ১০০ টাকা আয় হয়, তাহলে ভ্যাস প্রতিষ্ঠানগুলো পাবে ৩০ টাকা, আর মুঠোফোন অপারেটররা পাবে ৭০ টাকা।
গ্রামীণফোনের প্রধান করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা মাহমুদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘নির্দেশনাটি আমাদের বাণিজ্যিক অধিকার ও ব্যবসায়িক স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছি। পারস্পরিক স্বার্থ রক্ষায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক দর-কষাকষির স্বাধীনতা আমাদের থাকা উচিত। বিষয়টি নিয়ে ভবিষ্যতে আমরা নিয়ন্ত্রক সংস্থাসহ অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করব।’
আরেক অপারেটর রবি আজিয়াটার ভাইস প্রেসিডেন্ট ও মুখপাত্র ইকরাম কবীর বলেন, ভ্যাস সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আয় ভাগাভাগি বাড়ানো বা কমানোর বিষয়ে কোনো উদ্যোগ রবির পক্ষ থেকে নেওয়া হয়নি।