আপেল-আদা কেনায় আগ্রহ নেই
চার কনটেইনার আদা ও আপেল বিক্রির জন্য দ্বিতীয় দফায় প্রকাশ্য নিলাম ডেকেছিল কাস্টমস কর্তৃপক্ষ। তবে এবার তিন কনটেইনার আদা কেনার জন্য কেউ দর হাঁকেনি। একটি কনটেইনার আপেল কেনার জন্য দর হাঁকলেও তা ছিল প্রথম দফায় ডাকা সর্বোচ্চ দরের সমান।
গতকাল বুধবার বন্দরের সংরক্ষিত এলাকায় অবস্থিত কাস্টমস নিলামকেন্দ্রে আয়োজিত প্রকাশ্য নিলামের চিত্র ছিল এমনই। এ পরিস্থিতিতে এই চার কনটেইনার পণ্যের প্রকাশ্য নিলাম কার্যক্রম স্থগিত করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এই চার কনটেইনারসহ নতুন করে আরও নিলামযোগ্য পণ্য তালিকাভুক্ত করে নিলাম ডাকার চিন্তাভাবনা করছেন কাস্টমস কর্মকর্তারা।
কাস্টমসের সহকারী কমিশনার মিয়া মোহাম্মদ নাজমুল হক বলেন, ভালো দর না পাওয়ায় এই নিলাম স্থগিত করা হয়েছে।
কাস্টমস সূত্র জানায়, নির্ধারিত ৩০ দিনের মধ্যে আমদানিকারকেরা পণ্য খালাস না নেওয়ায় এই চার কনটেইনার পণ্য নিলামে তুলে কাস্টমস কর্তৃপক্ষ। গত অক্টোবরে এসব পণ্য আমদানি করেছিল চারটি প্রতিষ্ঠান। গত সোমবার এক কনটেইনার আপেল ও তিন কনটেইনার আদা প্রকাশ্য নিলামে তুলে কাস্টমস কর্তৃপক্ষ। ওই দিন প্রকাশ্য নিলামে এক কনটেইনার আপেলের সর্বোচ্চ দর ওঠে ৩ লাখ ২০ হাজার টাকা। তাতে প্রতি কেজি আপেলের দাম হয় ১৩ টাকা ৩৩ পয়সা। আপেল ছাড়াও কেজিপ্রতি আদার সর্বোচ্চ গড় দর ওঠে নয় টাকা। ভালো দর না পাওয়ায় এই নিলাম বাতিল করে গতকাল বুধবার আবারও প্রকাশ্য নিলামে তুলে কাস্টমস কর্তৃপক্ষ।
গতকাল নিলাম অনুষ্ঠানে ৪০ জন ব্যবসায়ী ও ব্যক্তি উপস্থিত ছিলেন। প্রথমে আপেলের কনটেইনারের দর ওঠে তিন লাখ ২০ হাজার টাকা। এরপর আদার কনটেইনারে কেউ দর হাঁকেনি।