আপ্যায়ন-উপঢৌকন বন্ধ না করলে প্রার্থিতা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটারদের আপ্যায়ন ও উপঢৌকন দেওয়ায় বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নির্বাচনে পরিচালক পদের প্রার্থীদের হুঁশিয়ার করে দিয়েছেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সাংসদ আলী আশরাফ।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বলেছেন, ইতিমধ্যে কিছু প্রার্থী হোটেলে পরিচিতি সভার নামে ভোটারদের আপ্যায়ন ও উপঢৌকন দিয়েছেন। এটা বন্ধ করতে হবে। এ ধরনের কার্যকলাপ করলে বা নির্বাচনী আইন অমান্য করলে জরিমানা করা হবে। প্রয়োজনে প্রার্থিতাও বাতিল করা হতে পারে।
এফবিসিসিআইয়ের নির্বাচনে অ্যাসোসিয়েশন গ্রুপের প্রার্থীদের নিয়ে ঢাকার সোনারগাঁও হোটেলে গতকাল আয়োজিত পরিচিতি সভায় এ কথা বলেন আলী আশরাফ।
২৩ মে এফবিসিসিআইয়ের নির্বাচন। আর ২৫ মে নির্বাচিত হবে সভাপতি ও দুই সহসভাপতি।
অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ ও উন্নয়ন পরিষদের নেতা আবদুল মাতলুব আহমাদসহ অ্যাসোসিয়েশন গ্রুপের ৪০ প্রার্থীর অধিকাংশই উপস্থিত ছিলেন।
সভায় নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, প্রার্থীদের আইন মেনে চলতে হবে। ভোটে জয়-পরাজয় বড় বিষয় নয়। এফবিসিসিআইয়ের মর্যাদা ধরে রাখতে হবে। নির্বাচনকালীন সময়ে মিছিল, স্লোগান, বিজ্ঞাপন, পোস্টার, নির্বাচনী বোর্ডের তত্ত্বাবধান ছাড়া সভা করা যাবে না। পরস্পরবিরোধী অশালীন ও রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে হবে।
অনুষ্ঠানে ভোটারদের হাতে পরিচয়পত্র দেওয়া হয়।