আফ্রিকার চেয়ে ভারতে দরিদ্র মানুষের সংখ্যা বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আটটি রাজ্যে যতসংখ্যক মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে, আফ্রিকার ২৬টি দরিদ্রতম দেশেও নাকি তত মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে না। আজ মঙ্গলবার জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় অক্সফোর্ড পোভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (ওপিএইচআই) নামের এক সংগঠনের এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য বেরিয়ে এসেছে। খবর রয়টার্সের।প্রতিবেদনে বলা হয়, ভারতের বিহার, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গসহ আটটি রাজ্যে মোট ৪২ কোটি ১০ হাজার মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। এই সংখ্যা আফ্রিকার ২৬টি অতিদরিদ্র দেশের দরিদ্র জনসংখ্যার চেয়েও বেশি। আফ্রিকার এই ২৬টি দেশে মোট ৪১ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে।প্রতিবেদনে ভারতের আটটি প্রদেশে অতিরিক্ত অর্থনৈতিক অসমতার কথাও উঠে এসেছে। পাশাপাশি এই প্রতিবেদনে এসব রাজ্যে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বৈষম্য ও সম্পদের সুষ্ঠু বণ্টনে অসমতার কথাও আলোচনা করা হয়েছে।এ ব্যাপারে ওপিএইচআইয়ের পরিচালক সাবিনা আলকায়ার বলেন, কয়েকটি স্তরে (মাল্টি ডাইমেনশনাল) দারিদ্র্যসূচক ব্যবহার করে এই পরিসংখ্যান তৈরি হয়েছে। এর মাধ্যমে খুব আন্তরিক দৃষ্টিভঙ্গি দিয়ে ভারতের প্রদেশগুলো যে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে, তা বোঝার চেষ্টা করা হয়েছে।