আফ্রিকায় রপ্তানি হবে ওয়ালটনের সামগ্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপ্রাচ্যের পর এবার পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় ইলেকট্রনিকস পণ্যসামগ্রী রপ্তানি করবে দেশের খ্যাতনামা প্রতিষ্ঠান ওয়ালটন। প্রথম পর্যায়ে ফ্রিজ, মোটরসাইকেল ও টেলিভিশন রপ্তানি করা হবে। পরবর্তী সময়ে জেনারেটর, মোবাইল ফোন, ফ্যান, আইপিএস, ডিভিডি, ওয়াশিং মেশিনসহ যাবতীয় ইলেকট্রনিকস পণ্য রপ্তানি করবে। গত রোববার রাজধানীর একটি স্থানীয় হোটেলে দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন এবং ঘানার খ্যাতনামা কোম্পানি রিনগোল্ডের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওয়ালটনের পরিচালক মিজানুর রহমান এবং রিনগোল্ড এন্টারপ্রাইজের ঊর্ধ্বতন কর্মকর্তা কাওয়াসি ইরিনিকি নিজ নিজ কোম্পানির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আরবি গ্রুপের মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌস উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী প্রথম বছরই রিনগোল্ড কোম্পানি এক লাখ ফ্রিজ এবং ৩০ হাজার মোটরসাইকেলসহ অন্যান্য ইলেকট্রনিকস পণ্য আমদানি করবে বলে ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। চুক্তি স্বাক্ষরের পর কাওয়াসি ইরিনিকি বলেন, ‘ওয়ালটনের উৎপাদিত পণ্য দেখে আমরা অভিভূত। পণ্যের গুণগত মান নিয়ে রিনগোল্ড এন্টারপ্রাইজ সন্তুষ্ট। পরীক্ষা-নিরীক্ষা ও ব্যবহার করার পর মনে হয়েছে ইলেকট্রনিকস শিল্পে বাংলাদেশ অনেকদূর এগিয়েছে। পশ্চিম আফ্রিকার সব দেশে যাতে করে ওয়ালটনের ফ্রিজ, মোটরসাইকেল, টেলিভিশনসহ অন্যান্য পণ্যসামগ্রী রপ্তানি হয়, সে ক্ষেত্রে রিনগোল্ড সহায়তা করবে বলেও তিনি জানান।ওয়ালটনের পরিচালক মিজানুর রহমান জানান, প্রথম বছরই ঘানায় প্রায় ২৫০ কোটি টাকা মূল্যের পণ্য রপ্তানি করা সম্ভব। তবে ঘানার বাজার সম্প্রসারণ করা সম্ভব হলে চলতি বছর শেষে রপ্তানির লক্ষ্যমাত্রা ৫০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। উল্লেখ্য, বিশ্ববাজারে বাংলাদেশের ইলেকট্রনিকস পণ্য রপ্তানিতে ওয়ালটন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এ ছাড়া মধ্যপ্রাচ্যের আবুধাবি, কাতার, দুবাই ও কুয়েতে ফ্রিজ, টেলিভিশন এবং মোটরসাইকেল রপ্তানি হচ্ছে। এরই ধারাবাহিকতায় আফ্রিকার ঘানায় ইলেকট্রনিকস পণ্য রপ্তানি করা হচ্ছে।