আফ্রিকায় লোকসানের মুখে ভারতির পরিষেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সর্ববৃহৎ মোবাইল অপারেটর ভারতি এয়ারটেল আফ্রিকায় কার্যক্রম পরিচালনা করতে গিয়ে বেশ ক্ষতির মুখে পড়েছে। আফ্রিকার বাজারে প্রত্যাশানুযায়ী প্রবৃদ্ধি অর্জন করতে না পারায় প্রতিষ্ঠানটির অন্য দেশে সেবা পরিচালনা কার্যক্রমের সাফল্য নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।ভারতি এয়ারটেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধির ২৭ শতাংশ কমে গেছে। আগে থেকেই প্রবৃদ্ধি কমে যাওয়ার ইঙ্গিত থাকলেও ২৭ শতাংশ কমে যাওয়া প্রাক্কলিত পরিমাণের চেয়ে অনেক বেশি বলে জানা গেছে। এ সম্পর্কে প্রতিবেদনটিতে হতাশাও প্রকাশ করা হয়েছে।১৫টি মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত ভারতীয় বাজারে মুঠোফোনের কলচার্জ কমে যাওয়ায় এমনিতেই প্রতিটি প্রতিষ্ঠানের প্রবৃদ্ধিতে প্রভাব পড়েছে। তবে ভারতি আফ্রিকার বাজারে লোকসানের মুখে পড়ায় এই প্রবৃদ্ধি কমার পরিমাণ বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বাজারে ব্যবহারকারীদের কাছ থেকে রাজস্ব আদায় বাড়লেও (ARPU) আফ্রিকার বাজারে লোকসান গুনতে থাকায় প্রবৃদ্ধি কমে যাচ্ছে। আফ্রিকায় বাজার ধরার জন্য বিপণন ব্যয় বেড়ে যাওয়ার কারণে সেখানে লোকসান গুনতে হচ্ছে ভারতিকে।গত জুনে আফ্রিকার কয়েকটি দেশে কুয়েতি জেইন কোম্পানির সঙ্গে ৯০০ কোটি ডলারের চুক্তির মাধ্যমে ভারতি তাদের সেখানকার শেয়ার কিনে নেয়। কেন্দ্রীয়ভাবে ভারতির ৩২ শতাংশ শেয়ারের মালিক সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি সিংটেল।দুই বছর ধরে ভারতে তীব্র মূল্য প্রতিযোগিতার মুখে পড়েছে ভারতি। মূল্য প্রতিযোগিতার কারণে ভারতে মুঠোফোনের কলচার্জ মিনিটপ্রতি হিসাবে নেমে এসেছে ৪ সেন্টে।সুনীল মিত্তাল নামের একজন ভারতীয় ধনকুবের ভারতির প্রতিষ্ঠাতা। তিনি কর্মজীবনের শুরুতে সাইকেলের যন্ত্রাংশের ব্যবসা করতেন। নব্বইয়ের দশকের শেষের দিকে ভারতের টেলিকম ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ শুরু হলে ভারতি একটি টেলিকম লাইসেন্স সংগ্রহ করে। প্রাথমিকভাবে দিল্লিতে মোবাইল পরিষেবা দেওয়া শুরু করে তারা। বর্তমানে ভারতি ভারতের বৃহত্তম মোবাইল পরিষেবাদানকারী প্রতিষ্ঠান। আর কয়েক মাসের মধ্যে ভারতি ভারতে থ্রিজি পরিষেবা নিয়ে আসবে। এ লক্ষ্যে তারা ভারত সরকারের কাছ থেকে ২৪০০ কোটি ডলার দিয়ে একটি লাইসেন্সও সংগ্রহ করেছে। ভারতের বাজারে রিলায়েন্স, আইডিয়া, ভোডাফোন ও টাটা টেলিসার্ভিসের মতো শক্তিশালী পরিষেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে লড়াই করে শীর্ষ স্থান ধরে রেখেছে ভারতি এয়ারটেল। রয়টার্স।