আবগারি শুল্ক নিয়ে যত কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক হিসাব থেকে আবগারি শুল্ক কাটা যাবে—ধারণাটি নিয়ে অনেক ভয়ভীতি ও জল্পনা দেখা যাচ্ছে। অনেকে মনে করছেন, প্রতি লেনদেনেই কাটা যাবে তাঁদের টাকা। অনেকে ভাবছেন, ব্যাংক হিসাবে ৫ লাখ টাকা থাকলে কাটা যাবে ৪ হাজার টাকা, স্থায়ী আমানতের ক্ষেত্রে কী হবে?—এমন সব বক্তব্য বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে।

ব্যাংক হিসাব থেকে আগেও আবগারি শুল্ক কাটা হতো। এটা বাজেটে নতুন করে আসেনি। চলতি বাজেট অনুযায়ী ব্যাংক হিসাবে ২০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত থাকলে তার ওপর ১৫০ টাকা আবগারি​ শুল্ক দিতে হচ্ছে। প্রস্তাবিত নতুন বাজেটে ১ লাখ টাকা পর্যন্ত ব্যাংক হিসাবে থাকলে তা শুল্কমুক্ত থাকবে। আসছে জুলাই থেকে আবগারি শুল্কের নতুন এই নিয়ম কার্যকর হওয়ার কথা।

২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুযায়ী, যেকোনো সময় ব্যাংক হিসাবে ১ লাখ থেকে ১০ লাখ টাকা জমা দিলে বা তুললে ৮০০ টাকা আবগারি শুল্ক কেটে রাখা হবে। আগে রাখা হতো ৫০০ টাকা। একইভাবে, ১০ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত কোনো হিসাবে জমা দিলে বা তুললে ২ হাজার ৫০০ টাকা কেটে রাখা হবে। আগে কেটে রাখা হতো ১ হাজার ৫০০ টাকা। ১ কোটি থেকে ৫ কোটি টাকা হিসাবে থাকলে ১২ হাজার টাকা কেটে রাখা হবে। এসব হিসাব থেকে আগে কেটে রাখা হতো সাড়ে ৭ হাজার টাকা। ৫ কোটি টাকার বেশির ক্ষেত্রে কেটে রাখা হবে ২৫ হাজার টাকা, যা আগে ছিল ১৫ হাজার টাকা।

আসলে ব্যাংকের চলতি হিসাব বা সঞ্চয়ী হিসাবে টাকা একটি নির্দিষ্ট সীমা স্পর্শ করলে বছরে একবার নির্দিষ্ট পরিমাণ টাকা আবগারি শুল্ক হিসেবে কাটা হয়। এই নিয়ম ১৯৪৭ সাল থেকেই প্রযোজ্য আছে।

ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে, ব্যাংক হিসাবের আবগারি শুল্ক নিয়ে কয়েকটি বিষয় তুলে ধরা হলো:

# সাধারণত সঞ্চয়ী ও চলতি হিসাবে সরকার থেকে মূলত দুই ধরনের কর কাটা হয়।

১. হিসাবে জমা টাকার প্রাপ্ত লাভের (সুদ) ওপর টিআইএনধারী (আয়কর সনদ) হলে ১০ শতাংশ ও টিআইএনধারী না হলে ১৫ শতাংশ কর।

২. আবগারি শুল্ক বছরে একবার কাটা হয়। এই আবগারি শুল্ক সাধারণত প্রতিবছরের ১০ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে কাটা হয়।

সারা বছরের লেনদেনের ওপর ভিত্তি করে এই আবগারি শুল্ক কাটা হয়। সারা বছর ব্যাংক হিসাবের স্থিতি (ব্যালান্স) যদি ১ লাখ টাকার নিচে থাকে, তাহলে কোনো আবগারি শুল্ক দিতে হবে না। স্থিতি যদি ১ লাখ থেকে ১০ লাখ টাকার মধ্যে থাকে, তাহলে আবগারি শুল্ক দিতে হবে ৮০০ টাকা। এর ওপরে গেলে বিভিন্ন হারে কর দিতে হবে. যা ওপরেই উল্লেখ করা হয়েছে।

এখানে বলে রাখা প্রয়োজন, ব্যাংক হিসাবের স্থিতি যদি বছরের কোনো একসময় ১ লাখ টাকা ছাড়িয়ে যায়, তাহলে বছর শেষে এই আবগারি শুল্ক দিতে হবে। ধরুন, রহিম সাহেবের ব্যাংক হিসাবে জুন মাসে তাঁর বোন বিদেশ থেকে ৭০ হাজার টাকা পাঠিয়েছেন, এই টাকার কারণে তাঁর ব্যাংকের হিসাবে স্থিতি হয়ে গেল ১ লাখ ১০ হাজার টাকা। এ ক্ষেত্রে ডিসেম্বরে তাঁর আবগারি শুল্ক কেটে নেওয়া হবে। তবে অনেকে মনে করছেন, প্রতিটি লেনদেনে এই আবগারি শুল্ক কেটে নেওয়া হবে। এমন ধারণা একেবারেই ভুল। আবগারি শুল্ক বছর শেষে একবারই কাটা হয়। সারা বছরের লেনদেনে কাটা হয় না।

# স্থায়ী আমানতের (এফডিআর) ক্ষেত্রে ব্যবস্থাগুলো হলো:

১. স্থায়ী আমানত ৩, ৬, ১২ মাস যে মেয়াদেই রাখা হোক না কেন, একই হিসাবের প্রাপ্ত লাভের ওপর টিআইএনধারী (আয়কর সনদ) হলে ১০ শতাংশ, টিআইএন না থাকলে ১৫ শতাংশ কর কাটা যাবে।
২. স্থায়ী আমানত ১ লাখ থেকে ১০ লাখ টাকার মধ্যে থাকলে আবগারি শুল্ক ৮০০ টাকা দিতে হবে। ১০ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত ২ হাজার ৫০০ টাকা, ১ কোটি থেকে ৫ কোটি টাকার মধ্যে থাকলে ১২ হাজার টাকা। ৫ কোটির ওপর থাকলে ২৫ হাজার টাকা আবগারি শুল্ক দিতে হবে।
এখানে বলা রাখা প্রয়োজন, তিন বা ছয় মাসের স্থায়ী আমানতের ক্ষেত্রে, স্থায়ী আমানতের মেয়াদ যদি বছরে শুরু হয়ে বছরেই শেষ হয়, তাহলে আবগারি শুল্ক একবার দিতে হবে। কিন্তু যদি এক বছরে শুরু হয়ে পরের বছরে শেষ হয়, তাহলে আবগারি শুল্ক দুবার দিতে হবে। ধরা যাক, আপনি নভেম্বর মাসে তিন মাসমেয়াদি ১ লাখ টাকার স্থায়ী আমানত করলেন। আপনার আমানতের মেয়াদ শেষ হবে জানুয়ারিতে। সে ক্ষেত্রে আপনাকে দুই বছরের আবগারি শুল্ক দিতে হবে। অর্থাৎ ১ হাজার ৬০০ টাকা কাটা যাবে।

# ডিপিএসের (মেয়াদি​ হিসাব) ক্ষেত্রে
ডিপিএসের (মেয়াদি হিসাব) ক্ষেত্রে প্রতিবছর জমা হওয়া টাকার পরিমাণের ওপর আবগারি শুল্ক একই হারে কাটা যাবে।