আবগারি শুল্ক প্রত্যাহার চায় বিসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আবগারি শুল্ক ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৮০০ টাকা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এতে ক্ষুদ্র আমানতকারীরা ক্ষতিগ্রস্ত হবেন। ফলে অর্থ লেনদেনে ব্যাংকবিমুখ হতে পারেন গ্রাহকেরা।

এমন যুক্তিতে আবগারি শুল্ক প্রত্যাহার করতে অর্থমন্ত্রীকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। তারা বলছে, সাধারণ জনগণসহ প্রবাসীরা অর্থ লেনদেনে ব্যাংক-ব্যবস্থাকে এড়িয়ে চলছেন। তাঁদের ব্যাংকিং চ্যানেলে ফিরিয়ে আনা, ব্যবসায়িক লেনদেনসহ আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চয়তার জন্য আবগারি শুল্ক প্রত্যাহার করা প্রয়োজন।

রাজধানীর দিলকুশায় গতকাল শুক্রবার বিসিআইয়ের সম্মেলনকক্ষে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা সভায় চেম্বারের নেতারা আবগারি শুল্ক প্রত্যাহারের অনুরোধ জানান। এতে সভাপতিত্ব করেন বিসিআইয়ের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী। চেম্বারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এবারের বাজেটে ভ্যাটমুক্ত বার্ষিক লেনদেন বা টার্নওভার সীমা ৩০ লাখ থেকে বাড়িয়ে ৩৬ লাখ টাকা করা হয়েছে। টার্নওভার করের সীমা ৮০ লাখ থেকে বাড়িয়ে দেড় কোটি টাকা করা হয়েছে। এ জন্য সরকারকে ধন্যবাদ জানালেও বিসিআই টার্নওভার করের ঊর্ধ্বসীমা ৫ কোটি টাকা করার পাশাপাশি কর ৪ থেকে ৩ শতাংশে নামিয়ে আনার অনুরোধ করেছে। এ ছাড়া চেম্বারটি বলেছে, পণ্য ও সেবা খাতে উপকরণ রেয়াত নেওয়া না গেলে ২৬ দশমিক ৬৪ শতাংশ মূল্য সংযোজন হিসাব করে তার ওপর ৪ শতাংশ ভ্যাট ধার্য করা হোক।

বিসিআই ব্যক্তি আয়ের করমুক্ত সীমা আড়াই লাখ টাকার পরিবর্তে সাড়ে তিন লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে।

বিসিআই বলেছে, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা চলতি অর্থবছরের চেয়ে আগামী অর্থবছরে ৩৫ শতাংশ বাড়িয়ে ২ লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যমাত্রা ২০ শতাংশের বেশি হওয়া উচিত নয়। এ জন্য সাধারণ মানুষ বিপুল করভারে জর্জরিত ও হয়রানির সম্মুখীন হবেন। ব্যবসা পরিচালনার খরচ, দ্রব্যমূল্য বৃদ্ধি ও মূল্যস্ফীতি বেড়ে যাবে।