
বেসিক ব্যাংকে অনিয়ম ও দুর্নীতির ঘটনায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুকে বাদ দিয়েই ৫৪টি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী সপ্তাহে এ-সংক্রান্ত মামলা হতে পারে বলে দুদকের একাধিক সূত্র জানিয়েছে।
ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফখরুল ইসলামসহ বেসিক ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছাড়াও জালিয়াতির মাধ্যমে ঋণ নেওয়া প্রতিষ্ঠানগুলোর এমডি, চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তা রয়েছেন অভিযুক্তের তালিকায়। ৫৪টি মামলায় আসামি করা হতে পারে ৮০ থেকে ৮৫ জনকে।
দুদকের একাধিক দায়িত্বশীল সূত্র উদ্ধৃত না হওয়ার শর্তে জানায়, সংস্থার অনুসন্ধান ও তদন্ত বিভাগ ৫৪টি মামলার সুপারিশসংবলিত প্রতিবেদন সোমবার কমিশনে জমা দেয়। কমিশনার (অনুসন্ধান) নাসিরউদ্দীন আহমেদ প্রতিবেদনগুলো যাচাই শেষে নথিতে সই করে ঢাকার বাইরে সফরে চলে যান। কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন গতকাল মঙ্গলবার প্রতিবেদন যাচাই শেষে মামলার পক্ষে নিজের মতামত দেন। পরে চেয়ারম্যান মো. বদিউজ্জামানও মামলার অনুমোদন দেন।
কমিশনের চেয়ারম্যান ও দুই কমিশনারের সঙ্গে যোগাযোগ করলেও তাঁরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
দুদক সূত্র জানায়, এখন কমিশন প্রতিবেদনগুলো বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম এইচ সালাহ্উদ্দিনের কাছে পাঠাবে। তিনি ওই বিভাগের পরিচালকের মাধ্যমে প্রতিবেদনগুলো পাঠাবেন অনুসন্ধান দলের কাছে। দলটি ৫৪টি মামলার এজাহার তৈরি করার পর আগামী সপ্তাহে মামলা করবে।
দীর্ঘদিন ‘কার্যত’ বন্ধ থাকার পর জুলাই মাসে বেসিক ব্যাংকের জালিয়াতির ঘটনা অনুসন্ধানে সক্রিয় হয় দুদক। জাতীয় সংসদে বাজেট অধিবেশনে বেসিক ব্যাংক নিয়ে আলোচনা এবং ৭ জুলাই সচিবালয়ে অর্থমন্ত্রীর বক্তব্যের পর থেকে দুদক অনেকটাই নড়েচড়ে বসে। অনুসন্ধানের প্রক্রিয়া শেষ করে দ্রুত প্রতিবেদন দেওয়ার জন্য কমিশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় অনুসন্ধান দলকে।
দুদক সূত্র জানিয়েছে, তাড়াহুড়ো করে প্রতিবেদন জমা দিতে গিয়ে অনেকটা দায়সারা গোছের প্রতিবেদন তৈরি করা হয়। ব্যাংকটির পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান আবদুল হাইকে বাদ দিয়ে দ্রুত প্রতিবেদন তৈরি করে অনুসন্ধান দল। অথচ বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে অর্থ আত্মসাতের জন্য শেখ আবদুল হাই দায়ী—এ কথা বলা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও ব্যাংকটিতে ‘হরিলুটের’ পেছনে আবদুল হাই জড়িত বলে একাধিকবার উল্লেখ করেন। তবে জাতীয় পার্টির নেতা হলেও উচ্চপর্যায়ের যোগাযোগের কারণেই তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
গণমাধ্যমে আবদুল হাইকে বাদ দিয়ে প্রতিবেদন তৈরির বিষয়ে নিয়মিত লেখালেখি শুরু হলে কিছুদিন থমকে যায় অনুসন্ধান দলের কাজ। উচ্চপর্যায়ের সবুজ সংকেতের অপেক্ষায় থেকে অবশেষে কমিশনের কাছে প্রতিবেদনটি জমা দেওয়া হয়েছে। সেখানে আবদুল হাই ও পরিচালনা পর্ষদের সদস্যদের বাদ দেওয়া হয়েছে।
সূত্রটি জানায়, অনুসন্ধান প্রতিবেদনে বেসিক ব্যাংকের চারটি শাখায় ঋণ জালিয়াতির ঘটনায় আলাদা মামলার সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনে যাঁদের বিরুদ্ধে মামলার সুপারিশ রয়েছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য আছেন বেসিক ব্যাংকের সাবেক এমডি কাজী ফখরুল ইসলাম, পাঁচজন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. সেলিম, এমদাদুল হক, ফজলুল সোবহান, কনক কুমার পুরকায়স্থ ও এ মোনায়েম খান, প্রধান কার্যালয়ের ক্রেডিট কমিটির মহাব্যবস্থাপক মো. মনিরুজ্জামান ও শাহজাহান মোল্লা, উপমহাব্যবস্থাপক (ডিজিএম) খান ইকবাল হাসান, সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. আশরাফুজ্জামান, ব্যাংকের শান্তিনগর শাখার ব্যবস্থাপক মো. জালাল উদ্দিন, এজিএম এস এম আনিসুর রহমান চৌধুরী, সাবেক ব্যবস্থাপক মোহাম্মদ আলী, গুলশান শাখার শাখা ব্যবস্থাপক শিপার আহমেদ, এ শাখার ক্রেডিট ইনচার্জ এস এম জাহিদ হাসান প্রমুখ।
এ ছাড়া ওয়েল সোয়েটার্স, মদিনা হার্ডওয়্যার স্টোর, সোহেল ট্রেডিং এজেন্সি, টোকিও এজেন্সি, টোকিও নিট গার্মেন্টস, ভারনারেবল এক্সপোর্ট ইন্ডাস্ট্রিজ, ক্লাসিক অ্যাকসেসরিজ, ডেলটা সিস্টেমস, এআরএসএস এন্টারপ্রাইজ, ব্রাদার্স এন্টারপ্রাইজ, এবি ট্রেড লিংক, মেসার্স আর কে ফুড লিমিটেড, মেসার্স নিমেক্স লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে মামলার সুপারিশ করা হয়েছে।