আবদুল হাইসহ পরিচালকদের বিরুদ্ধেও তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসিক ব্যাংক থেকে নেওয়া ৪০ কোটি টাকা ঋণ অনিয়মের এক মামলায় ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান শেখ আবদুল হাই এবং পরিচালনা পর্ষদের সদস্যদেরও আইন ও তদন্তের আওতায় আনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ৬০ কার্যদিবসের মধ্যে এ তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ওই ঋণ অনুমোদের সময় ২০১০ সালে ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন শেখ আবদুল হাই।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন। ওই মামলায় এক আসামির জামিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদন খারিজ করে (রুল ডিসচার্জ) এ আদেশ দেওয়া হয়।

২০১৫ সালে করা ওই মামলায় এখনো তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ার বিষয়টি আদালতের নজরে আসে। শুনানি নিয়ে আদালত ওই মামলার আসামি রূপসা সার্ভেয়ার কোম্পানির চিফ সার্ভেয়ার মো. শাহজাহান আলীর জামিন বহাল রেখেছেন, তাঁর জামিনের বিরুদ্ধে দুদক ওই আবেদনটি করেছিল। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। আসামিপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী পঙ্কজ কুণ্ডু।

পরে আইনজীবী সৈয়দ মামুন মাহবুব প্রথম আলোকে বলেন, ২০১০ সালের ২ নভেম্বর ক্রেডিট কমিটির আপত্তি সত্ত্বেও বেসিক ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান শেখ আবদুল হাইসহ পরিচালনা পর্ষদ সৈয়দ ট্রেডার্সের ম্যানেজিং পার্টনার সৈয়দ মাহবুবুল গনিকে ৪০ কোটি টাকা ঋণের অনুমোদন দেয়। ওই ঘটনায় ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর পল্টন থানায় নয়জনের বিরুদ্ধে মামলা করে দুদক। প্রায় দুই বছর অতিবাহিত হলেও মামলার তদন্ত শেষ হয়নি। এ ছাড়া যাঁরা ঋণ অনুমোদন দিয়েছেন তাঁদের কাউকে মামলায় আসামিও করা হয়নি। এ অবস্থায় আদালত বেসিক ব্যাংকের তৎকালীন চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সব সদস্যকে আইনের আওতায় এনে ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে বিচারিক আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।

মামলার সূত্রে জানা যায়, বেসিক ব্যাংকের শান্তিনগর শাখা থেকে ওই ঋণ দেওয়া হয়। ঋণ অনিয়মের অভিযোগে ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় দুদকের করা মামলায় ঋণগ্রহীতা সৈয়দ মাহবুবুল গনি ছাড়াও রূপসা সার্ভেয়ার কোম্পানির চিফ সার্ভেয়ার শাহজাহান আলীসহ ৯ জনকে আসামি করা হয়। এই মামলায় শাহজাহান আলী গত বছরের ১০ আগস্ট গ্রেপ্তার হন। পরে তিনি ২৮ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন নেন। এই জামিনের বিরুদ্ধে দুদক হাইকোর্টে রিভিশন আবেদন করে। এর প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল দিয়েছিলেন, গতকাল রুল খারিজ করে দেন।