আবার অবরোধ আবার উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা অবরোধ যেন পিছু ছাড়ছে না। সে কারণে ব্যবসায়ীদের উদ্বেগ-উৎকণ্ঠারও কোনো সুরাহা হচ্ছে না।
টানা ১৭ দিন হরতাল-অবরোধের পর শুক্র ও শনিবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন ব্যবসায়ীরা। কিন্তু রোববারের হরতালেই তা মিলিয়ে যায়। আর আজ মঙ্গলবার থেকে আবার ৭২ ঘণ্টার অবরোধ ডেকেছে ১৮-দলীয় জোট। মাঝখানে বিজয় দিবস থাকায় রক্ষা পেয়েছে একটি দিন। সংঘাতময় রাজনীতির অবসান ও শান্তি চেয়ে সারা দেশে ব্যবসায়ীদের সাদা পতাকার প্রতিবাদবন্ধন কর্মসূচি পালন কোনো কাজেই আসেনি।
ব্যবসায়ীদের উদ্বেগ-উৎকণ্ঠাও অমূলক নয়। কারণ, ছোট থেকে বড়—সব ধরনের ব্যবসায়ীরাই হরতাল-অবরোধে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাঁদের সঙ্গে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষও।
হরতাল-অবরোধে নিত্যপণ্যের সরবরাহব্যবস্থা ভেঙে পড়ে। ব্যবসায়ীরা তাঁদের পণ্য সারা দেশে পৌঁছাতে পারেন না বলে বিক্রিতেও ভাটা পড়ে। আবার বিভিন্ন বন্দরে আটকে পড়া কাঁচামালও সংগ্রহ করতে পারে না ব্যবসাপ্রতিষ্ঠানগুলো। পরিবহন ব্যবসায়ীদের ক্ষতিও কম নয়। তাঁদের আয়ের উৎসটাই পুড়িয়ে দেওয়া হচ্ছে। তবে বেশি সমস্যায় পড়েন ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা। কারণ, বেশির ভাগ হরতালেই তাঁদের ব্যবসা গুটিয়ে বসে থাকতে হয়।
এফবিসিসিআইয়ের হিসাবে, এক দিনের হরতালে দেশের ব্যবসা-বাণিজ্যের দুই হাজার কোটি টাকার ক্ষতি হয়। ঢাকা চেম্বারের হিসাবে, এক দিনের ক্ষতি এক হাজার ৬০০ কোটি টাকা।