আবার আইডিআরএর চেয়ারম্যান হলেন শেফাক আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
Untitled-1
Untitled-1

এম শেফাক আহমেদ দ্বিতীয়বারের মতো বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার তিন বছরের জন্য তাঁকে চুক্তিভিত্তিক এ নিয়োগ দেয়।
জনস্বার্থে আদেশ জারির কথা বলে গতকাল এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আবদুস সামাদ।
বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০-এর ৫(২) ধারা অনুযায়ী অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে নিয়োগ দেওয়ার কথা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এর আগে ২০১১ সালের ২৭ জানুয়ারি একই সংস্থার চেয়ারম্যান পদে সরকার তাঁকে নিয়োগ দিয়েছিল। তিন বছর দায়িত্ব পালনের পর গত ২৬ জানুয়ারি তাঁর প্রথম দফার মেয়াদ শেষ হয়। এর পর থেকে সংস্থাটি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল।
আজ বুধবার এম শেফাক আহমেদ সরকারের সঙ্গে চুক্তিপত্রে স্বাক্ষর করে চেয়ারম্যান হিসেবে আইডিআরএতে যোগ দেবেন বলে জানা গেছে।
বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন প্রথম আলোকে বলেন, ‘সরকারের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আগামী দিনের সমৃদ্ধ বিমা খাত তৈরিতে আইডিআরএর চেয়ারম্যান সবাইকে নিয়ে কাজ করবেন বলে আমরা আশাবাদী।’