আবার এডিবির প্রেসিডেন্ট নাকাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন তাকেহিকো নাকাও। ব্যাংকের বোর্ড অব গভর্নর্সের সর্বসম্মতিক্রমে তিনি পুনরায় এ পদে নির্বাচিত হন। গতকাল শুক্রবার এডিবির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

২০১৩ সালে ২৮ এপ্রিল এডিবির নবম প্রেসিডেন্ট হিসেবে নাকাও সাবেক প্রেসিডেন্ট হারুহিকো কুরোদার স্থলাভিষিক্ত হন। চলতি বছরের ২৩ নভেম্বর মেয়াদ শেষ হওয়ার কথা তাঁর। তবে পুনরায় নিয়োগ পাওয়ায় পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে আবার দায়িত্ব নেবেন আগামী ২৪ নভেম্বর।
দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর নিজের অভিব্যক্তি ব্যক্ত করে তাকাও বলেন, ‘আবারও পাঁচ বছরের জন্য নিয়োগ পেয়ে খুবই সম্মানিত মনে করছি আমি।’ নাকাওয়ের নেতৃত্বে ২০১৫ সালে প্রায় ১৬ দশমিক ৩ বিলিয়ন ডলার ঋণ এবং অনুমোদ দিয়েছে এডিবি, যা এযাবৎকালে সর্বোচ্চ। এর মধ্যে বেসরকারি খাতে ঋণ ও অনুদানের পরিমাণ ছিল ২ দশমিক ৬ বিলিয়ন ডলার।
অর্থনৈতিক বিষয়ে অভিজ্ঞ নাকাও প্রায় তিন দশক আন্তর্জাতিক এবং জাপানি অর্থনীতি নিয়ে কাজ করেছেন। এডিবির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগে নাকাও সর্বশেষ জাপানের অর্থ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অর্থায়ন এবং উন্নয়নের সহকারী মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।