আবার কমে গেল দর ও লেনদেন
টানা তিন দিন উত্থানের পর গতকাল মঙ্গলবার দেশের শেয়ারবাজারে আবারও দরপতন ঘটেছে। পাশাপাশি লেনদেনও অনেক কমে গেছে।প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকাল দিন শেষে ২ দশমিক ৬৪ শতাংশ বা ১১৩ পয়েন্ট কমে গেছে। ঢাকার বাজারে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯৩ শতাংশেরই দাম কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক দিন শেষে ২ শতাংশ বা ২৫৫ পয়েন্ট কমেছে। চট্টগ্রামের বাজারে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯২ শতাংশেরই দরপতন ঘটেছে। বাজার-সংশ্লিষ্টরা বলছেন, টানা তিন দিন ঊর্ধ্বমুখী থাকার পর বাজারের এই পতনে ভীত হওয়ার কিছু নেই। বরং এই পতন বাজারের স্বাভাবিক মূল্য সংশোধন। যোগাযোগ করা হলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাবেক সভাপতি ফখরউদ্দিন আলী আহমেদ প্রথম আলোকে বলেন, ‘টানা তিন দিন বড় ধরনের উত্থানের পর বাজারে কিছুটা মূল্য সংশোধন হতেই পারে। এটাই স্বাভাবিক। কোনো কোনো বিনিয়োগকারী হয়তো মুনাফা তুলে নিয়েছেন। এতে বিক্রির চাপটা বেশি ছিল।’ফখরউদ্দিন আরও বলেন, ‘জাতীয় সংসদে উত্থাপিত নতুন “মানি লন্ডারিং প্রতিরোধ বিল-২০১২” সরকার পুঁজিবাজার সম্পর্কিত যেসব বিষয় অন্তর্ভুক্ত করেছে, তা দীর্ঘমেয়াদে বাজারের জন্য সুফল বয়ে আনবে। এই বিল চূড়ান্ত হলে পুঁজিবাজারের স্বচ্ছতা আরও বাড়বে। বাজারকে প্রভাবিত করে অবৈধ বা অনৈতিক পন্থায় অর্থ সংগ্রহ করা কিছুটা হলেও কঠিন হবে।’একই ধরনের মত দেন ডিএসইর সভাপতি শাকিল রিজভী। তিনি প্রথম আলোকে বলেন, প্রস্তাবিত মানি লন্ডারিং বিল পুঁজিবাজারের স্বচ্ছতা বাড়াবে। এতে সাধারণ বিনিয়োগকারীদের ভীত হওয়ার কিছু নেই। বরং এটি সাধারণ বিনিয়োগকারীদের জন্য খুবই ভালো খবর। যাঁরা মূল্য সংবেদনশীল তথ্যের আগাম খবরাখবর জেনে বাজার থেকে অতিরিক্ত সুবিধা নিতে চান, তাঁদের সেই প্রচেষ্টা কিছুটা হলেও কমবে। গতকাল দিন শেষে ডিএসইর সাধারণ সূচক কমে দাঁড়িয়েছে চার হাজার ১৭৭ পয়েন্টে। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। মঙ্গলবার ডিএসইতে প্রায় ২৩৭ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ১৫৪ কোটি টাকা কম। এদিকে, তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোনের লাইসেন্স নবায়ন-সংক্রান্ত আইনি জটিলতা দূর হওয়ার খবরে গতকাল দরপতনের বাজারেও কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে। দিনশেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম আগের দিনের চেয়ে ১ টাকা ১০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ টাকা ৩০ পয়সা।চট্টগ্রামের বাজারের সার্বিক মূল্যসূচক দিন শেষে কমে দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার ১৪০ পয়েন্টে। সিএসইতে গতকাল ১৮১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৬৬টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র ১২টি আর অপরিবর্তিত ছিল তিনটি কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে গতকাল চট্টগ্রামের বাজারে প্রায় ৩৬ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ২২ কোটি টাকা কম। আরও একটি কমিটি: এদিকে, অস্বাভাবিক লেনদেনের তথ্য খতিয়ে দেখতে গতকালও ডিএসইর সদস্যভুক্ত ব্রোকারেজ হাউস সিনহা সিকিউরিটিজের বিরুদ্ধে তদন্ত কমিটি করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। ডিএসইর ওয়েবসাইটে গতকাল এই তথ্য প্রকাশ করা হয়েছে। এসইসির পরিচালক প্রদীপ কুমার বসাক ও সহকারী পরিচালক জহিরুল হকের সমন্বয়ে গঠিত কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ নিয়ে গতকাল পর্যন্ত অস্বাভাবিক লেনদেন খতিয়ে দেখতে চারটি ব্রোকারেজ হাউসের বিরুদ্ধে তদন্ত কমিটি করা হয়েছে।