ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার প্রকল্পের সময় ও ব্যয় আবারও বাড়ছে। তৃতীয় দফায় ব্যয় বাড়ছে ৬২৬ কোটি টাকা। এই অর্থ সরকার নিজস্ব তহবিল থেকে দেবে। এ ছাড়া এই প্রকল্পের মেয়াদও আগামী ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হচ্ছে। মূল প্রকল্প থেকে ব্যয় বাড়ছে প্রায় ৭৭ শতাংশ। আর সময় বাড়ছে সব মিলিয়ে সাড়ে চার বছর।
আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে চার লেনে উন্নীতকরণ প্রকল্পের তৃতীয় সংশোধনী প্রস্তাব উত্থাপন করা হতে পারে। প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এই সভায় সভাপতিত্ব করবেন।
সংশোধন প্রস্তাব পাস হলে এই প্রকল্পটির মোট ব্যয় দাঁড়াবে ৩ হাজার ৮১৭ কোটি টাকা। ইতিমধ্যে একটি সংশোধনী প্রকল্প প্রস্তাব তৈরি করেছে পরিকল্পনা কমিশন। ২০০৬ সালে নেওয়া এই প্রকল্পের মূল ব্যয় ছিল ২ হাজার ১৬১ কোটি টাকা। তখন মেয়াদ ছিল ২০১২ সালের জুন মাস পর্যন্ত। এরপর দুই দফায় ব্যয় ও সময় বৃদ্ধি করা হয়েছে। তৃতীয় সংশোধনী প্রস্তাবের তথ্য অনুযায়ী, মূল প্রকল্প থেকে ব্যয় বেড়েছে ১ হাজার ৬৫৬ কোটি টাকা।
সড়ক ও জনপথ অধিদপ্তর এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায় কুমিল্লার দাউদকান্দি থেকে চট্টগ্রাম পর্যন্ত ১৯২ কিলোমিটার মহাসড়ককে চার লেনে উন্নীত করা হচ্ছে। ইতিমধ্যে প্রকল্পের সিংহভাগ কাজ শেষ হয়েছে। এখন কিছু ছোট ছোট সেতু এবং কিছু অংশের সড়কের কাজ সম্পন্ন করা বাকি আছে।
এই প্রকল্পের পরিচালক আফতাব হোসেন খান গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, কিছু পূর্ত কাজ বাকি আছে। এর পাশাপাশি দর সমন্বয়ের কারণে প্রকল্পের ব্যয় বেড়েছে। তিনি বলেন, ‘আশা করি, জুন মাসের মধ্যে মূল কাজ শেষ করতে পারব। এরপর আনুষঙ্গিক কাজগুলো শেষ করা হবে।’
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্রে জানা গেছে, প্রকল্পের সড়ক নির্মাণের কাজ ১০টি প্যাকেজভুক্ত করে বাস্তবায়ন করা হচ্ছে। এগুলো হলো সড়ক নির্মাণ প্যাকেজ-১ (২২ কিলোমিটার), প্যাকেজ-৪ (২০ কিলোমিটার), প্যাকেজ-৬ (২০ কিলোমিটার), প্যাকেজ-৭ (১৫ দশমিক ৬৭ কিলোমিটার), প্যাকেজ-৮ (১৮ কিলোমিটার), প্যাকেজ-৯ (১৭ দশমিক ৪০ কিলোমিটার) ও প্যাকেজ-১০ (১৫ দশমিক ২৯ কিলোমিটার)।
জানা গেছে, পাথরসংকটের কারণে কয়েক মাস ধরে প্রকল্পের কাজ শ্লথ হয়ে যায়। বিশেষ করে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান সাইনোহাইড্রো করপোরেশন লিমিটেডের নির্মাণাধীন প্যাকেজ-২ (২৩ কিলোমিটার), প্যাকেজ-৩ (২১ কিলোমিটার) ও প্যাকেজ-৫-এর (২০ কিলোমিটার) অগ্রগতি বেশ মন্থর।
সম্পূর্ণ সরকারি অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত অর্থবছর (২০১৪-১৫) পর্যন্ত এই প্রকল্পে ব্যয় হয়েছে ২২ হাজার ৭১২ কোটি টাকা।