আবার চালু হতে যাচ্ছে বুকবিল্ডিং পদ্ধতি
দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে বুকবিল্ডিং পদ্ধতি। আগামীকাল মঙ্গলবার এ পদ্ধতির মক টেস্ট অনুষ্ঠিত হবে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদে নিবন্ধিত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মক টেস্টে অংশ নিতে অনুরোধ করা হয়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, আগামীকাল বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বুকবিল্ডিং পদ্ধতির মক টেস্ট অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের (http://bbsbangladesh.com) ওয়েবসাইটের মাধ্যমে বিডিংয়ে অংশ নেওয়ার অনুরোধ করা হয়েছে।
ডিএসই সূত্রে আরও জানা যায়, ২০১০ সালে পুঁজিবাজার ধসের আগে বুকবিল্ডিং পদ্ধতিতে বাজারে শেয়ার ছাড়ার হিড়িক পড়ে। ওই সময় এ পদ্ধতিটির ব্যাপক অপব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে। ফলে ২০১১ সালের ২০ জানুয়ারি এ পদ্ধতিটি স্থগিত করা হয়। পরে পুনর্গঠিত কমিশন সংশ্লিষ্ট আইনটি সংশোধনের মাধ্যমে বেশ কিছু ধারা সংযোজন করে এবং স্থগিতাদেশ তুলে নেয়। এতে করে অনেক কোম্পানি এই পদ্ধতিতে তালিকাভুক্ত হওয়ার আগ্রহ হারায়। সম্প্রতি নতুন একটি কোম্পানি এই পদ্ধতির মাধ্যমে বাজারে আসার আগ্রহ প্রকাশ করায় আগামীকাল এই মক টেস্ট অনুষ্ঠিত হবে।