আবার দরপতন, কমেছে লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে গতকাল সোমবার আবারও দরপতন হয়েছে। রোববার হরতালের দিনে দেশের দুই স্টক এক্সচেঞ্জে মূল্যসূচক সামান্য বাড়লেও গতকাল তা কমেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক দিনশেষে প্রায় ৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ১২৭ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৬৪৩ পয়েন্টে। দিনের শুরুতে ঢাকার বাজারে লেনদেনের গতি অন্যান্য দিনের চেয়ে বেশ কম ছিল। এ কারণে শুরুতে বিনিয়োগকারীদের ধারণা ছিল, দিনশেষে লেনদেনের পরিমাণ শতকোটি টাকার নিচেই থাকবে। কিন্তু শেষ ঘণ্টায় লেনদেনে কিছুটা গতি আসায় শেষ পর্যন্ত বিনিয়োগকারীদের সেই আশঙ্কা বাস্তব রূপ পায়নি। এদিকে বাজারের গতকালের দরপতনের জন্য অর্থমন্ত্রীর বক্তব্যকে দায়ী করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। দীর্ঘদিন পর গত রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সচিবালয়ে পুঁজিবাজার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ সীমা পর্যায়ক্রমে কমিয়ে আনা হবে। তিন বছরের মধ্যে এ সীমা পরিশোধিত মূলধনের ২৫ শতাংশে নামিয়ে আনা হবে। আর ব্যাংক কোম্পানি আইনের প্রস্তাবিত সংশোধনীতে যা ৪০ শতাংশে নির্ধারণের কথা বলা হয়েছে। এ সময় মন্ত্রী আরও বলেন, পুঁজিবাজার মূলধন সংগ্রহের আদর্শ স্থান হয়ে উঠছে। বিনিয়োগকারীরাও বাজারে আসছেন। তবে কিছু ফাটকাবাজারি এখানে গোলমাল করছেন।এর আগেও মন্ত্রী একাধিকবার পুঁজিবাজার বিষয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেন। সেগুলো নিয়ে ব্যাপক সমালোচনা হয় এবং বাজারে নেতিবাচক প্রভাব পড়ে। এরপর দীর্ঘদিন তিনি পুঁজিবাজার বিষয়ে মন্তব্য করা থেকে বিরত ছিলেন। বাজারসংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকের বিনিয়োগ সীমা কমিয়ে আনার যে আভাস মন্ত্রী দিয়েছেন, তারই নেতিবাচক প্রভাব লেনদেনের শুরু থেকেই বাজারে দেখা গেছে।এদিকে মন্ত্রীর বক্তব্যের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলে সালমান এফ রহমান বলেছেন, ‘পুঁজিবাজার নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো।’ গতকাল রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফায়েকুজ্জামানের সঙ্গে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। আগের দিনের মতো সোমবারও ঢাকার বাজারে লেনদেনের শীর্ষে ছিল ব্যাংকিং খাত। ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৫ শতাংশই ছিল এ খাতের। যদিও এদিন লেনদেন হওয়া অধিকাংশ ব্যাংকের শেয়ারের দাম কমেছে। লেনদেন হওয়া ৩০টি ব্যাংকের মধ্যে ২৪টিরই দাম কমেছে। দিনশেষে এ খাতের সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৮ কোটি টাকা। কসমোপলিটন ফিন্যান্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এদিন ডিএসইর সাধারণ সূচকে মাত্র দুটি খাত ইতিবাচক প্রভাব ফেলেছে। খাত দুটি হলো: সিমেন্ট এবং খাদ্য ও আনুষঙ্গিক। খাত দুটি ডিএসইর সাধারণ সূচক বৃদ্ধিতে দশমিক শূন্য ৮ শতাংশ ভূমিকা রেখেছে। কিন্তু অন্যান্য খাতের দরপতনের কারণে দিনশেষে সূচক ঋণাত্মকই ছিল। ঢাকার বাজারে সোমবার ২৬১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৯০টিরই দাম কমেছে, বেড়েছে ৪২টির আর অপরিবর্তিত ছিল ২৯টির দাম। দিনশেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১২২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ২৪ কোটি টাকা কম। চট্টগ্রামের বাজারে এদিন ১৭০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৪০টিরই দাম কমেছে, বেড়েছে ১৭টির আর অপরিবর্তিত ছিল ১৩টির দাম। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৬ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে এক কোটি টাকা বেশি।