আবার দরপতন ঘটল শেয়ারবাজারে
পুঁজিবাজারে দরপতন দিয়েই শুরু হলো চলতি ২০১০-১১ অর্থবছরের শেষ মাসের লেনদেন। টানা চার কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর গতকাল দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দাম কমেছে। তবে বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা এই পতনকে মূল্য সংশোধন হিসেবে অভিহিত করেছেন। তাঁরা বলছেন, একদিকে বাজেট নিয়ে দুশ্চিন্তা, অন্যদিকে কিছুটা আস্থার সংকট—এই দুই মিলে যখনই বাজার কয়েক দিন ঊর্ধ্বমুখী থাকে, তখনই অনেক বিনিয়োগকারীর মধ্যে সামান্য লাভেই শেয়ার বিক্রির প্রবণতা দেখা যায়। তাঁদের বড় অংশই এখন ধৈর্য ধরতে চায় না। তাই বাজার টানা কয়েক দিন বাড়ার পরই বিক্রির চাপ বেড়ে যায়।এর বাইরে অনেকের মতে, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা থাকা না-থাকা নিয়ে রাজনৈতিক মাঠ অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এ শঙ্কাকে দরপতনের একটা কারণ হিসেবে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দাম কমায় গতকাল দুই বাজারের সূচক কমেছে। সে সঙ্গে কমেছে লেনদেনও।