আবার দরপতনের ধারায় শেয়ারবাজার
এক দিন পর আবারও দরপতনের ধারায় দেশের শেয়ারবাজার। টানা আট দিন নিম্নমুখী প্রবণতার পর গতকাল বুধবার শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেলেও আজ আবার দরপতন হয়েছে। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় সূচক কমেছে। পাশাপাশি লেনদেনও কমেছে দুই বাজারে।
এদিকে অব্যাহত এই দরপতনের কারণে বিনিয়োগকারীদের মধ্যে এক প্রকার হতাশা বিরাজ করছে। অনেক বিনিয়োগকারী আজ তাঁদের হতাশা প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, অব্যাহতভাবে সূচক ও লেনদেন কমছে শেয়ারবাজারে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। এমনকি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা চুপচাপ বসে আছেন।
আবদুর রাজ্জাক নামের এক বিনিয়োগকারী বলেন, টানা দরপতন চলছে। প্রতিদিন কমছে লেনদেন। এ অবস্থায় সরকারি ও বেসরকারি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা চুপচাপ বসে আছেন। আর এতে দরপতন আরও ত্বরান্বিত হচ্ছে।
তবে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি ও বর্তমান পরিচালক শাকিল রিজভী জানান, প্রতিবছর বাজেটের আগে বাজার কিছুটা মন্দা যায়। তা ছাড়া গত মার্চ-এপ্রিলে বেশ কয়েকটি কোম্পানি আইপিও ও রাইট শেয়ার ছেড়ে বাজার থেকে টাকা উত্তোলন করে। অনেকে আবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করছেন। এতে একদিকে বাজার থেকে টাকা বেরিয়ে যাচ্ছে। অন্যদিকে সেই তুলনায় নতুন তহবিল বাজারে ঢুকছে না। তবে এই সময়ে বেশ কিছু বিদেশি বিনিয়োগ হলেও তা তুলনামূলক কম হওয়ায় বাজারে এর বিরূপ প্রভাব পড়ছে।
ডিএসইতে সূচক কমেছে ২৬ পয়েন্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৮৪ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। আধা ঘণ্টায় সূচক ৩৯ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক নিম্নমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৯টির দাম কমেছে, বেড়েছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ২৫৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৩ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ২৭১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে স্কয়ার ফার্মা
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল স্কয়ার ফার্মা। আজ এ প্রতিষ্ঠানের ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লাফার্জ সুরমা সিমেন্ট, প্রাইম ব্যাংক, হেইডেলবার্গ সিমেন্ট, গ্রামীণফোন, ওরিয়ন ফার্মা, হা-ওয়েল টেক্সটাইল, এবি ব্যাংক, মতিন স্পিনিং, অ্যাকটিভ ফাইন প্রভৃতি শেয়ার লেনদেনের শীর্ষে উঠে আসে।
সিএসইতে সূচক কমেছে ৬১ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসইতে) সূচক ও লেনদেন কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৫৫৩ পয়েন্টে।
সিএসইতে আজ ২০৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১০টির দাম কমেছে, বেড়েছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আজ সিএসইতে ১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে চার কোটি টাকা কম। গতকাল এই বাজারে ২৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।