আবার বড় দরপতন বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকালের মতো আজ মঙ্গলবারও বড় দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। লেনদেন শেষে দুই বাজারেই বেশির ভাগ কোম্পানি দর হারিয়েছে। এতে সূচকের বড় পতন লক্ষ করা গেছে। একই সঙ্গে দুই বাজারেই লেনদেন গতকালের চেয়ে অনেক কমে গেছে। আর এর ফলে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন সাড়ে তিন মাসের আগের অবস্থানে নেমে এসেছে।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অব্যাহত দরপতনের ফলে দিন দিন পুঁজি হারাচ্ছেন বিনিয়োগকারীরা। এতে বাজারের প্রতি তাঁদের আস্থাও দিন দিন কমে যাচ্ছে। তাঁরা কোনোভাবেই বাজারে আস্থা রাখতে পারছেন না। এ ছাড়া দরপতনের পেছনে ডিএসই ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) পরস্পরবিরোধী অবস্থানকে দায়ী করছেন অনেকে। সম্প্রতি দুটি কোম্পানি নিয়ে ডিএসই ও এসইসি পরস্পর বিপরীতমুখী অবস্থানে যায়। এসইসির পক্ষ থেকে এ বিষয়ে ডিএসইর সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় বলে জানা যায়। এ বিষয়টি বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা। বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা আরও বলছেন, অব্যাহত দরপতনের কারণে বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম অনেক নিচে নেমে এসেছে। তাই এখনই বিনিয়োগের উত্তম সময়। বাজারের এ অবস্থায় প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারীদের সক্রিয় হওয়ার বিকল্প নেই বলেও মনে করছেন তাঁরা।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৬৫ পয়েন্ট কমে ৪১৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে বেলা সাড়ে ১০টায় ডিএসইতে লেনদেন শুরু হয়। শুরুতে সূচক ১ পয়েন্ট বাড়লেও এরপর সূচক নিম্নমুখী হয়ে ১০টা ৫০ মিনিটে ২৯ পয়েন্ট কমে যায়। আর দুপুর ১২টায় সূচক বেড়েছিল আট পয়েন্ট। এভাবে কয়েকবার ওঠানামার পর দুপুর সাড়ে ১২টার দিকে সূচকের তির নিম্নমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২১১টিরই দাম কমেছে, বেড়েছে ৪৪টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ স্টক এক্সচেঞ্জটিতে ২২৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৬ কোটি টাকা কম। এদিকে আজকের লেনদেন প্রায় সাড়ে তিন মাসের মধ্যে সর্বনিম্ন। গত ৫ আগস্ট ডিএসইতে ২০৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, তিতাস গ্যাস, যমুনা অয়েল, ইউনিক হোটেল, সায়হাম টেক্সটাইল, গ্রামীণফোন, বিএসসিসিএল, আরএন স্পিনিং, এনবিএল, সায়হাম কটন প্রভৃতি।দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ২১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৬৬৯ পয়েন্টে। সিএসইতে আজ ১৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪১টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র ২৪টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ২৮ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে পাঁচ কোটি টাকা কম।