আবার বাড়ল এফবিসিসিআই পর্ষদের মেয়াদ
দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদের মেয়াদ আরেক দফায় বাড়িয়েছে সরকার।
বাণিজ্য মন্ত্রণালয় গতকাল রোববার সংগঠনটির পরিচালনা পর্ষদের মেয়াদ দ্বিতীয় দফায় তিন মাস বাড়িয়েছে। ফলে দুই দফায় ছয় মাস মেয়াদ বাড়িয়ে পর্ষদকে আগামী মে মাস পর্যন্ত দায়িত্ব পালনের সুযোগ করে দিল বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
এই মাসেই এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হওয়া কথা। তবে এই বিষয়টি সামনে রেখে এফবিসিসিআই
মেয়াদ বাড়াতে আগেই এক দফা আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে গত ১১ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয় এই পর্ষদের মেয়াদ তিন মাস বাড়ায়।
মন্ত্রণালয় সূত্র জানায়, এরপর গত ২৩ অক্টোবর দ্বিতীয় দফায় মেয়াদ বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করে এফবিসিসিআই। মন্ত্রণালয় গতকাল এক চিঠিতে জানিয়েছে, শেষবারের মতো পর্ষদের মেয়াদ বাড়ানো হয়েছে।
আগামী মে মাসের মধ্যে পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠান করার স্বার্থেই এ সুযোগ দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।