আবার বাড়ছে সোনার দাম
বড় দরপতনের এক সপ্তাহ পর সোনার দাম আবার বাড়ছে। আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় দেশে সোনার দাম ভরিপ্রতি ৯৯২ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।আগামীকাল বুধবার থেকে নতুন দর কার্যকর হবে। ফলে গত জানুয়ারি থেকে চলতি এপ্রিলে দুই দফাসহ মোট পাঁচবার দাম কমার পর সোনার দর বাড়ছে।বাজুসের কার্যনির্বাহী কমিটির বৈঠকে গতকাল সোমবার নতুন দর নির্ধারণ করার বিষয়ে সিদ্ধান্ত হয়। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৫২ হাজার ৩১৩ টাকা, ২১ ক্যারেট ৪৯ হাজার ৯৮০ টাকা ও ১৮ ক্যারেটের দাম পড়বে ৪২ হাজার ৮৬৫ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে হবে ৩০ হাজার ৩২৬ টাকা ভরি। পাশাপাশি প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম দাঁড়াবে এক হাজার ৩৯৯ টাকা।তবে আজ মঙ্গলবার পর্যন্ত ২২ ক্যারেট সোনা ৫১ হাজার ৩২১ টাকা, ২১ ক্যারেট ৪৮ হাজার ৯৮৮ টাকা ও ১৮ ক্যারেটের দাম পড়বে ৪১ হাজার ৯৯০ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম ২৯ হাজার ৫০৯ টাকা ভরি। পাশাপাশি প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম এক হাজার ২২৪ টাকা।বাজুস সোনার দাম বাড়ানোর সিদ্ধান্তে কাল থেকে ভরিপ্রতি ২২ ক্যারেট সোনার দাম আগের দামের চেয়ে ৯৯২ টাকা, ২১ ক্যারেটে ৯৯২ টাকা, ১৮ ক্যারেটে ৮৭৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ৮১৭ টাকা বাড়বে। আর রুপার দাম বাড়বে ভরিপ্রতি ১৭৫ টাকা।গত সপ্তাহে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম এক হাজার ৩২৩ মার্কিন ডলারে নেমে যায়। চলতি সপ্তাহে আবার দাম বাড়তে থাকে। গতকাল প্রতি আউন্স সোনার দাম এক হাজার ৪২৮ ডলার পর্যন্ত ওঠে।