আবার মন্দার মধ্যে পতিত হয়েছে আর্থিক সংকটে আক্রান্ত ইউরোপের দেশ স্পেন।দেশটির কেন্দ্রীয় ব্যাংক গতকাল জানিয়েছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) দেশটির অর্থনীতি দশমিক ৪০ শতাংশ সংকুচিত হয়েছে। এর আগের প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২০১১) দেশটির অর্থনীতি দশমিক ৩০ শতাংশ সংকুচিত হয়েছিল।টানা দুই প্রান্তিক কোনো দেশের অর্থনীতি সংকুচিত হলে সেই দেশ মন্দায় পতিত হয়েছে বলে বিবেচনা করা হয়। খবর রয়টার্স’র। এদিকে গত সপ্তাহে রয়টার্সের অর্থনীতিবিদদের এক জরিপে বলা হয়েছে, ইউরো অঞ্চলের অর্থনীতি এ বছরের প্রথম প্রান্তিকে দশমিক ২০ শতাংশ সংকুচিত হয়েছে। আর আগামী প্রান্তিকে তা দশমিক ১০ শতাংশ কমে যেতে পারে।আবার ইউরো অঞ্চলে বেসরকারি খাতের পরিস্থিতি এপ্রিল মাসে আরও খারাপ হয়েছে। মারকিটস পিএমআই (পারচেজিং ম্যানেজারস ইনডেক্সেস) বলছে, উৎপাদন ও সেবা খাতে কার্যাদেশ কমে যাওয়া ও কাজ হারানোর জন্য পরিস্থিতির অবনতি হয়েছে। এপ্রিলে ইউরো অঞ্চলের সেবা-পিএমআই হয়েছে ৪৭ দশমিক ৯০, যা মার্চে ছিল ৪৯ দশমিক ২০।