আবার শক্তি ফিরে পেয়েছে টাকা। বাজারে এখন ডলারের যথেষ্ট সরবরাহ, কোনো সংকট নেই। কেন্দ্রীয় ব্যাংকেও ডলার কেনা অব্যাহত রয়েছে। ফলে ডলারের বিপরীতে শক্তিশালী হয়েছে বাংলাদেশের মুদ্রা।
কেন্দ্রীয় ব্যাংকের প্রভাবে গত এক মাসে ডলারের বিপরীতে টাকার মান বেড়েছে ৪৫ পয়সা। গতকাল রোববার দেশে আন্তব্যাংক লেনদেনে প্রতি ডলারের দাম ছিল ৭৮ টাকা ৫০ পয়সা। অথচ এক মাস আগেও এর দর ছিল ৭৮ টাকা ৯৫ পয়সা। এ ছাড়া গতকাল দেশে নগদ ডলারের বিক্রি দর ছিল ৮১ টাকা ৩০ পয়সা ও ক্রয় দর ছিল ৭৯ টাকা ৩০ পয়সা। কয়েক দিন ধরেই দেশে টাকা-ডলারের এই দর।
মূলত গত এক বছরের বেশি সময় ধরে টাকা শক্তিশালী। তবে বিদায়ী ২০১৫ সালের শেষের দিকে ডলার শক্তিশালী হওয়ায় মান পড়ে গিয়েছিল টাকার। এরপর আবার বেড়েছে টাকার মান। রপ্তানির শ্লথগতি ও প্রবাসী-আয় বা রেমিট্যান্স কমে যাওয়ায় ডলারে টান পড়েছিল। পাশাপাশি বেড়েছিল আমদানি ব্যয়। কিন্তু এখন আবার রপ্তানি প্রবৃদ্ধি বেড়েছে। প্রবাসী-আয়ে অবশ্য ঋণাত্মক প্রবৃদ্ধি রয়ে গেছে। জ্বালানি তেল ও খাদ্যপণ্য আমদানির ব্যয় হ্রাস পেয়েছে। এসব কারণে ডলারের চাহিদা কিছুটা কম। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক ডলার কেনাও অব্যাহত রেখেছে। চলতি ২০১৫-১৬ অর্থবছরে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক প্রায় ২২০ কোটি ডলার কিনেছে।
২০১৫ সালের শুরু থেকেই টাকা ছিল স্থিতিশীল। ওই সময়ে ডলারের সঙ্গে টাকার বিনিময় হার ছিল ৭৭ টাকা ৮০ পয়সা। এই দরের পরিবর্তন হয়নি বললেই চলে। পরিস্থিতি পালটে যায় গত বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে। নভেম্বরে ডলারের বিপরীতে টাকার বিনিময় হার হয় ৭৮ টাকা ৯৫ পয়সা। অর্থাৎ তিন মাসে টাকার বিপরীতে ডলারের দর বেড়ে যায় ১ টাকা ১৫ পয়সা। এর আগে সর্বশেষ দেশে ডলারের সর্বোচ্চ দর উঠেছিল ৮৫ টাকায়, ২০১১-১২ অর্থবছরে।
গত আগস্টে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ চীন আকস্মিকভাবে তাদের মুদ্রা ইউয়ানের অবমূল্যায়ন ঘটায় পরপর দুই দিন। মূলত রপ্তানি বাণিজ্যে টিকে থাকতেই এই পদক্ষেপ নেওয়া হয়। এরপর বিশ্বের অন্য প্রায় সব মুদ্রাই চীনকে অনুসরণ করে। ফলে শুরু হয় মুদ্রাযুদ্ধ। অল্প কয়েকটি দেশ এই মুদ্রাযুদ্ধে অংশ নেয়নি। এর অন্যতম বাংলাদেশ। রপ্তানিকারকদের দাবির মুখেও অটল ছিল বাংলাদেশ। তবে মাঝে কয়েক দিন অবমূল্যায়ন হলেও এখন আবার আগের নীতিতে শক্ত অবস্থান নিয়ে আছে বাংলাদেশ। কেননা বাংলাদেশ মনে করে অর্থনীতির সামগ্রিক সূচকগুলো যথেষ্ট ভালো অবস্থায় আছে। আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাটাই বড় চ্যালেঞ্জ। ফলে অবমূল্যায়নে আগ্রহী নয় তারা।
বাংলাদেশ ব্যাংক প্রকাশিত তথ্য অনুযায়ী, ৬ জানুয়ারি দেশে বৈদেশিক মুদ্রার মজুত ছিল ২ হাজার ৭৫১ কোটি ৬২ লাখ ডলার। ঠিক এক বছর আগে তা ছিল ২ হাজার ২৩৯ কোটি ৪৭ লাখ ডলার। আবার গত ৬ জানুয়ারি আন্তব্যাংকে টাকা-ডলারের বিনিময় হার ছিল গড়ে ৭৮ টাকা ৫০ পয়সা, ঠিক এক বছর আগে ২০১৫ সালের ৬ জানুয়ারি তা ছিল ৭৭ টাকা ৯৫ পয়সা। টাকা ও ডলারের অতিরিক্ত তারল্য থাকার কারণে কল মানি হারও এখন অনেক কম, এর গড় হার মাত্র ৩ দশমিক ৩৭ শতাংশ। আর এক বছর আগে ছিল ৮ দশমিক ৬১ শতাংশ।
ডিসেম্বর শেষে মোট প্রবাসী-আয় এসেছে ৭৪৮ কোটি ২৪ লাখ ডলার। আগের বছরের একই সময়ে তা ছিল ৭৪৮ কোটি ৭১ লাখ ডলার। অর্থাৎ এ ক্ষেত্রে ঋণাত্মক প্রবৃদ্ধি হচ্ছে দশমিক শূন্য ৬ শতাংশ। আমদানির তথ্য পাওয়া যাচ্ছে নভেম্বর পর্যন্ত। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত সময়ে দেশের আমদানি ব্যয় ১ হাজার ৫৬০ কোটি ৪৬ ডলার। আগের অর্থবছরের একই সময়ে তা ছিল ১ হাজার ৪৯০ কোটি ৮০ লাখ ডলার। এর ফলে অক্টোবর পর্যন্ত রপ্তানি আয়ে ঋণাত্মক প্রবৃদ্ধি থাকলেও নভেম্বরে তা ছিল না। বরং সব মিলিয়ে পাঁচ মাসে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৬৭ শতাংশ। অন্যদিকে ডিসেম্বর পর্যন্ত সময়ে দেশে রপ্তানি আয় ছিল ১ হাজার ৬০৮ কোটি ৩৯ লাখ ডলার, এ ক্ষেত্রে প্রবৃদ্ধি ৭ দশমিক ৮৪ শতাংশ। আর সামগ্রিকভাবে নভেম্বর পর্যন্ত সময়ে দেশের চলতি আয়ে উদ্বৃত্ত আছে ১০৫ কোটি ৭০ লাখ ডলার। গত অর্থবছরের প্রথম পাঁচ মাসে যা ছিল ৫৮ কোটি ২০ লাখ ডলার।