আবার সাড়ে চার হাজারের ওপরে ডিএসইর সূচক
সূচকের ইতিবাচক প্রবণতায় আজ মঙ্গলবার লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা সাড়ে ১১টায় লেনদেনের এক ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। সূচক বাড়ায় ডিএসই প্রধান সূচক আবার সাড়ে চার হাজার পয়েন্টের ওপরে অবস্থান করছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৫২৫ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের বাড়তি প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৪৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫২টির দাম বেড়েছে, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ৮৭ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট, ফ্যামিলিটেক্স, পদ্মা অয়েল, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, মেঘনা পেট্রোলিয়াম, ন্যাশনাল টিউবস, অ্যামারেল্ড অয়েল, বিএসসিসিএল, হেইডেলবার্গ সিমেন্ট প্রভৃতি।