আবার সিনেট তদন্ত শুরুর আহ্বান বাংলাদেশের
রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরির তদন্ত শুনানি আবার শুরু করতে ফিলিপাইনের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এক অনুষ্ঠানে ফিলিপাইনের গণমাধ্যম ফিলস্টারকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ বলেন, নবনির্বাচিত সিনেট প্রেসিডেন্ট আকুইলিনো কোকো পিমেন্টালের নেতৃত্বে আবারও সিনেট তদন্ত শুনানি শুরু হবে বলে আশা করেন তিনি।
সাক্ষাৎকারে জন গোমেজ বলেন, নতুন সিনেট প্রেসিডেন্ট তাঁকে জানিয়েছেন যে এই অর্থ বাংলাদেশের। তদন্ত শুনানি চলবে বলেও আশ্বাস দেন নতুন সিনেটর।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে সাইবার অপরাধীরা। চুরি যাওয়া অর্থ ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকের চারটি হিসাবের মাধ্যমে চলে যায় দেশটির ক্যাসিনোতে। চুরি যাওয়া অর্থ উদ্ধারে তদন্ত শুরু করে ফিলিপাইনের সিনেট কমিটি। মে মাসে ফিলিপাইনের সাধারণ নির্বাচনের আগে সিনেট ব্লু রিবন কমিটি অর্থ চুরির তদন্ত শুনানি শেষ করে। শুনানিতে হদিস পাওয়া যায় ৩ কোটি ৪৫ লাখ ডলারের।
সম্প্রতি বাংলাদেশের চুরি যাওয়া অর্থ উদ্ধারে সব ধরনরে সহযোগিতা করতে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংককে নির্দেশ দেয় নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ। এ বিষয়ে রয়টার্সের প্রতিবেদনে প্রকাশের পর আবারও তদন্ত শুরুর বিষয়টি উঠে আসে।
রাষ্ট্রদূত জন গোমেজ বলেন, উদ্ধার হওয়া দেড় কোটি ডলার ফিরে পেতে আর মাত্র এক ধাপ দূরে আছে বাংলাদেশ। অর্থ দাবি করে বাংলাদেশ কাগজপত্র জমা দিলেই দেড় কোটি ডলার ফেডারেল রিজার্ভে বাংলাদেশের হিসাবে জমা হয়ে যাবে। এই দেড় কোটি ডলার পাওয়া যায় ক্যাসিনো ব্যবসায়ী কিম ওয়ংয়ের কাছ থেকে।