আবার স্বর্ণের দাম সমন্বয় করা হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম অনুযায়ী, বিভিন্ন ধরনের স্বর্ণের দাম সর্বোচ্চ এক হাজার ১৬৭ টাকা পর্যন্ত বেড়েছে।এর আগে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করতে গত বৃহস্পতিবার মূল্য হ্রাসের ঘোষণা দেয় বাজুস। শুক্রবার থেকে এটি বাস্তবায়িত হয়। কিন্তু গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস আবার স্বর্ণের দাম বাড়ানোর কথা জানায়। আজ রোববার থেকে নতুন দর কার্যকর হবে। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের দাম ৫৬ হাজার ৪৫৩ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের দাম ৫৩ হাজার ৮৮৭ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম পড়বে ৪৬ হাজার ১৮৯ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম হয়েছে ৩৮ হাজার ৯৯২ টাকা। পাশাপাশি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) প্রতি ভরি রুপার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে এক হাজার ৪৮৫ টাকা। বাজুসের সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম শাহীন প্রথম আলোকে বলেন, মাত্র ৩৬ ঘণ্টার ব্যবধানে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম এক হাজার ৫২৬ ডলার থেকে বেড়ে হয়েছে এক হাজার ৫৯৭ মার্কিন ডলার। তাই দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।