আবার ৯১২ টন চাল যাচ্ছে ত্রিপুরায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অন্ধ্র প্রদেশ থেকে আবার ত্রিপুরায় নেওয়ার জন্য ভারতীয় চালবাহী জাহাজ এমভি নিউটেক-৬ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে ভিড়েছে। গতকাল শনিবার বেলা দুইটার দিকে ৯১২ টন চাল নিয়ে জাহাজটি আশুগঞ্জে নোঙর করেছে।
আশুগঞ্জ নৌবন্দর থেকে আজ রোববার সড়কপথে বাংলাদেশি ট্রাকে করেই আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার আগরতলায় এ চাল নিয়ে যাওয়ার কথা রয়েছে।
আশুগঞ্জ নৌবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কলকাতা থেকে ১৮ মার্চ এমভি নিউটেক-৬ জাহাজটি আশুগঞ্জ নৌবন্দরের উদ্দেশে ছেড়ে আসে।
১৯৭২ সালের নৌ প্রটোকল চুক্তির আওতায় গত বছর বিনা মাশুলে আশুগঞ্জ নৌবন্দর ও আখাউড়া স্থলবন্দর ব্যবহার করে ৩৫ হাজার টন চাল ত্রিপুরায় নেওয়ার অনুমতি দেয় বাংলাদেশ। গত বছরই দুই দফায় ১০ হাজার টন চাল যায় ত্রিপুরায়। বাংলাদেশের পরিবহন ঠিকাদারি প্রতিষ্ঠান গালফ ওরিয়েন্ট সিওয়েজের মাধ্যমে এ পথ ব্যবহার করে দুই দফায় ত্রিপুরায় চাল গেছে। বাকি ২৫ হাজার টন চাল পরিবহনের জন্য বাংলাদেশের আরেক পরিবহন ঠিকাদারি প্রতিষ্ঠান অনবিজ ডেভেলপমেন্ট লিমিটেডকে কার্যাদেশ দেওয়া হয়।
আশুগঞ্জ স্থলবন্দরের পরিবহন পরিদর্শক মো. শাহ আলম প্রথম আলোকে বলেন, এবার তিনটি জাহাজ আসার অনুমোদন রয়েছে। এর মধ্যে একটি জাহাজে করে ৯৩৭ টন চাল এসেছে।
জানা যায়, কোনো মাশুল আরোপ করা না হলেও বিআইডব্লিউটিও এবং আশুগঞ্জ নৌবন্দরের ইজারাদার প্রতিষ্ঠান চাল নামানো ও পরিবহনের খরচ পাবে।