আবারও কমছে সোনার দাম
আন্তর্জাতিক বাজারে দরপতন এবং বিদ্যমান রাজনৈতিক অস্থিরতার কারণে চাহিদা কমে যাওয়ায় দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর ফলে ভালো মানের সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৫৮ টাকা পর্যন্ত কমছে।
গতকাল বুধবার বাজুসের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনটির সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আজ বৃহস্পতিবার তা জানানো হয়। এর আগে গত ১৫ সেপ্টেম্বর ও ১৫ নভেম্বর সোনার দাম কমিয়েছিল বাজুস।
নতুন দর অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাত্ ২২ ক্যারেট সোনা ৪৬ হাজার ৯৪৭ টাকা, ২১ ক্যারেট ৪৪ হাজার ৮৪৮ টাকা এবং ১৮ ক্যারেটের দাম হবে ৩৮ হাজার ৪৩২ টাকা।
এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২৬ হাজার ২৪৪ টাকা। পাশাপাশি প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম এক হাজার ২২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে আজ পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ছিল ৪৮ হাজার ৪০৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট সোনা প্রতি ভরির দাম ৪৬ হাজার ২৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩৯ হাজার ৬৫৭ টাকা ও সনাতন পদ্ধতির দাম ২৭ হাজার ৪১০ টাকা ছিল। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম ছিল এক হাজার ২৮৩ টাকা।
এ ব্যাপারে দেওয়ান আমিনুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিছুটা নিম্নমুখী। এ পরিস্থিতিতে দেশে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতার কারণে বিয়ের মৌসুমেও বিয়ে-শাদি কম হচ্ছে। তাই সোনার চাহিদাও কম। এসব বিষয় বিবেচনা করে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাল শুক্রবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানান তিনি।