আবারও চাঞ্চল্য ফিরেছে নিকলীর পালপাড়ায়
বাড়ির উঠানে বসে মাটির তৈরি বাহারি পণ্যে রং করছেন নিতাই চন্দ্র পাল। সহযোগিতা করছে অষ্টম শ্রেণিপড়ুয়া তাঁর ছেলে অমিত চন্দ্র পাল। এসব পণ্য রোদে শুকানো, আগুনে পোড়ানো, রং করা ও প্যাকেট করার পর নির্ধারিত স্থানের বৈশাখী মেলায় নিয়ে যাওয়ার প্রস্তুতির চিত্র এখন কিশোরগঞ্জের নিকলীর পালপাড়ার মৃৎশিল্পীদের ঘরে ঘরে। সবাই ব্যস্ত সময় কাটাচ্ছেন। বৃহস্পতিবার পয়লা বৈশাখ।
মৃৎশিল্পীরা কাদামাটিতে যেন প্রাণ প্রতিষ্ঠার চেষ্টা করছেন। থালা, গ্লাস, মগ, জগ, লবণবাটি, সানকি (বাসন), কাপ-পিরিচ ও তরকারির বাটি—কী তৈরি করছেন না তাঁরা। আরও আছে হাতি, ঘোড়া, গরু, হরিণ, সিংহ, বাঘ, ভালুক, জেব্রা, হাঁস, মুরগি। ছোট শিশুদের খেলার হাঁড়ি-পাতিল ও বিভিন্ন ধরনের চুলা। নতুন ধরনের কয়েলদানি, মোমদানি, ফুলদানি, ঘটি-বাটি, আম, কাঁঠাল, আনারস, পেঁপে, কামরাঙা, আতাফল, কলস, বাঙ্গি ও বাহারি রঙের মাটির ব্যাংক তৈরি করা হচ্ছে। দুই বছর পর এসব পণ্য আবারও ক্রেতাদের আকৃষ্ট করবে বলে বিশ্বাস মৃৎশিল্পীদের।
নিতাই চন্দ্র পালসহ কয়েকজন মৃৎশিল্পীর সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, করোনার কারণে গত দুই বছর দুর্গতির অন্ত ছিল না। এবার তাঁরা ঘুরে দাঁড়াতে চান। কাজ প্রায় শেষ, শুধু কিছু জিনিসে রঙের কাজ বাকি। বুধবারের মধ্যে তা শেষ করে ফেলবেন বলে জানান মৃৎশিল্পীরা।
গত সোমবার সরেজমিনে নিকলীর পালপাড়ায় দেখা যায়, নিজস্ব কায়দায় তৈরি করা হচ্ছে তৈজসপত্র। এরপর আগুনে পুড়িয়ে শুকানো হচ্ছে সেগুলো। তারপর চলছে পলিশ ও রঙের আঁচড়। মাটির এসব জিনিস তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি স্তরেই প্রয়োজন হয় শিল্পীর নিপুণ হাতের ছোঁয়া। এখানকার মৃৎশিল্পী কৃতীশ পাল, পারুল রানী পাল, দিলীপ পাল, খোকন পালসহ কয়েকজন মৃৎশিল্পী বলেন, পয়লা বৈশাখে মাটির তৈরি খাবারের বাসন সানকির চাহিদা বেড়ে যায়। সানকিতে পান্তা খাওয়ার রেওয়াজ সারা দেশেই চালু হয়েছে। সে জন্য প্রতিবছর এ সময় প্রচুর বাসন তৈরি করেন তাঁরা। আর সারা বছরের বিক্রির জন্য ফুলের টব, শোপিস, খেলনাসামগ্রী, মাটির ব্যাংক ইত্যাদি তৈরি করেন। কিন্তু সমস্যার অন্ত নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ বাজারে ধারদেনা করে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন অনেকে। এ ছাড়া প্লাস্টিকের জিনিসের ভিড়ে মাটির তৈরি এসব হাঁড়ি-পাতিল, কলস, বদনার ব্যবহার কমে যাওয়ায় এমনিতেই পালদের কদর কমে গেছে। বর্তমানে হাতে গোনা কিছু এলাকার পালেরা অপেক্ষায় থাকেন, কখন আসবে বৈশাখ, কখন আসবে মেলা।
নিকলীর পালপাড়ার ৩২টি পরিবার সেই অপেক্ষাতেই ছিল। এসব পরিবারের বেশির ভাগই প্রতিবছর পয়লা বৈশাখের জন্য মাটির জিনিসপত্র বানিয়ে প্রতীক্ষায় থাকে। মেলা বসলে তারা খেলনা, হাঁড়ি-পাতিল, পুতুল, ফুলের টবসহ টুকিটাকি নানা তৈজসপত্র নিয়ে পসরা সাজায়। এভাবেই চলে তাদের টানাপোড়েনের জীবন। পালেরা বলেন, যে এলাকায় একসময় হাজারো পরিবার এ পেশায় যুক্ত ছিল, সেখানে এখন মাত্র অল্প কয়েকটি পরিবার বাপ-দাদার এ পেশা আঁকড়ে ধরে আছে। আগে এ পাড়ায় কয়েক শ পরিবার মৃৎশিল্পের কাজে যুক্ত ছিল। এখন এ শিল্পের সঙ্গে যুক্ত পরিবারের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩২। অনেকেই পেশা ছেড়ে হয়েছেন শিল্পকারখানার শ্রমিকসহ নানা পেশাজীবী। পয়লা বৈশাখ তাঁদের প্রাণভোমরা। সরকারের সহযোগিতা চান তাঁরা, না হয় এভাবে চলতে থাকলে একদিন হয়তো হারিয়ে যাবে এ পেশা।
কিশোরগঞ্জ সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, এ শিল্প টিকিয়ে রাখার পাশাপাশি মৃৎশিল্পীরা যাতে তাঁদের জীবনমান উন্নত করতে পারেন, সে জন্য সরকারের পক্ষ থেকে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় কিছু মৃৎশিল্পীকে দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে তাঁদের আর্থিক অনুদান দেওয়া হয়। তাঁদের হিসাবমতে, কিশোরগঞ্জ জেলায় ৫৭০টি মৃৎশিল্প পরিবারের প্রায় ২ হাজার মানুষ এখনো এ শিল্পের সঙ্গে যুক্ত। এর মধ্যে সমাজসেবা কার্যালয় থেকে জেলার প্রায় ৩০০ মৃৎশিল্পীকে প্রশিক্ষণ শেষে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকিদেরও প্রশিক্ষণের আওতায় আনা হবে।