আবারও ট্রানশিপমেন্ট সুবিধা পেল ভারতীয় পণ্যবাহী জাহাজ
নাব্যতাসংকটে আবারও ট্রানশিপমেন্ট সুবিধা পেয়েছে ভারতীয় পণ্যবাহী তিনটি জাহাজ। ইতিমধ্যে কয়লা ও সিমেন্ট তৈরির রাসায়নিক পণ্য নিয়ে জাহাজ তিনটি আশুগঞ্জ নৌবন্দরে পৌঁছেছে। আশুগঞ্জ পর্যন্ত বড় জাহাজে, তারপর ছোট ছোট কার্গো জাহাজে করে এসব ভারতীয় পণ্য জকিগঞ্জ দিয়ে সীমান্ত অতিক্রম করবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান নৌ-প্রটোকলের আওতায় এটা ট্রানশিপমেন্টের দ্বিতীয় চালান। এর আগে গত নভেম্বর মাসে ভারতীয় পণ্যের আরেকটি চালান এই পথে ট্রানশিপমেন্ট হয়েছিল। কয়লা ও সিমেন্ট তৈরির রাসায়নিক পণ্য নিয়ে এই তিনটি জাহাজ এখন ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে অবস্থান করছে। এর মধ্যে বিবি-১০৩৫ নামে জাহাজে রয়েছে ৯৮০ টন সিমেন্ট তৈরির রাসায়নিক পণ্য। আর গালফ-৩ নামে জাহাজে ১১২৫ টন ও গালফ-৫ নামে জাহাজে এক হাজার টন কয়লা রয়েছে। গত ২০ সেপ্টেম্বর এই তিন পণ্যবাহী জাহাজ আশুগঞ্জ নৌবন্দরে এসে পৌঁছায়। এরপর নাব্যতাসংকট দেখিয়ে ছোট জাহাজে করে তা সীমান্ত অতিক্রমের অনুমতি চাওয়া হয়। গালফ-৩ ও গালফ-৫ এই দুটি জাহাজ মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে ট্রানশিপমেন্টের অনুমোদন দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে এখনো বিবি-১১৩৫ জাহাজের মালিক এখনো ট্রানশিপমেন্টে আবেদন জানায়নি। আশুগঞ্জের মাঝ নদী থেকেই গালফ-৩ ও ৫ থেকে কয়লা ছোট জাহাজে নামানো হচ্ছে। আশুগঞ্জ নৌবন্দরের ট্রাফিক পরিদর্শক শাহ আলম গতকাল প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে শুল্ক কর্মকর্তারা জাহাজে এসে পণ্য পরিদর্শন করে গেছে। পণ্যের সিলগালা খুলে দিয়েছেন তাঁরা। এখন ছোট জাহাজে পণ্য নামানো হচ্ছে। দু-এক দিনের মধ্যে সিলেটের জকিগঞ্জের উদ্দেশে যাত্রা শুরু হবে। ২ সেপ্টেম্বর বিবি-১১৩৫ জাহাজটি পণ্য নিয়ে কলকাতার খিদিরপুর বন্দর থেকে রওনা হয়। এর পরদিন রওনা হয় গালফ-৩ ও গালফ-৫ জাহাজ। তিনটি জাহাজই খুলনার শেখবাড়িয়ে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। আর জকিগঞ্জ দিয়ে বের হয়ে ভারতের করিমগঞ্জ হয়ে আসামে যাবে। বাংলাদেশ ও ভারতের বিদ্যমান নৌ-প্রটোকলের আওতায় কলকাতা-শেখবাড়িয়া (খুলনা)-চাঁদপুর-আশুগঞ্জ-জকিগঞ্জ-করিমগঞ্জ এই নৌপথটিই মূল পথ। প্রতিবছর নাব্যতাসংকটের কারণে ১৫ অক্টোবর থেকে ছয় মাসের জন্য নৌপথটি বন্ধ করে দেওয়া হয়। প্রসঙ্গত, ১৯৭২ সালের নৌ-প্রটোকলের ২৩(২) অনুচ্ছেদে বলা আছে, নাব্যতাসংকটের কারণে বেশি ড্রাফটসম্পন্ন (পণ্যবাহী জাহাজের যে অংশ পানির নিচে থাকে) জাহাজের পণ্য ট্রানশিপমেন্ট নিতে পারবে। ছোট পণ্যবাহী জাহাজে তা গন্তব্যে পৌঁছানো হবে। দুই দেশের মধ্যে নৌ-প্রটোকল স্বাক্ষরের পর ৪০ বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো এই ধারাটি ব্যবহার হলো। এর আগে গত নভেম্বর মাসে এই ধারার সুবিধা নিয়ে লাল বাহাদুর শাস্ত্রী নামে একটি জাহাজ ২৭০ টন ফ্লাই অ্যাশ ট্রানশিপমেন্ট সুবিধা নিয়ে আসামে গিয়েছিল। কয়েক বছর আগে নৌ-প্রটোকলের এই ধারাটি সংশোধন করে নৌপথের যেকোনো স্থান থেকে এই ট্রানশিপমেন্টর সুযোগ দেওয়া হয়। মূল প্রটোকলে জকিগঞ্জের শেরপুর পর্যন্ত নৌপথে নিয়ে তিন-চার কিলোমিটার সড়কপথে (ট্রানশিপমেন্ট করে) সীমান্ত পর্যন্ত পণ্য নেওয়ার সুযোগ রয়েছে। ট্রানশিপমেন্টের বিপক্ষে এনবিআর: তবে পর্যাপ্ত অবকাঠামো না থাকায় আপাতত ট্রানশিপমেন্টের বিপক্ষে অবস্থান নিয়েছে এনবিআর। নৌ-প্রটোকল সংশোধনের প্রস্তাবে সন্নিবেশিত করার জন্য ৩২(২) ধারাটি রহিত করার সুপারিশ করেছে এনবিআর। সম্প্রতি নৌ-মন্ত্রণালয়কে এক চিঠিতে তাঁরা এ কথা জানিয়েছে। এনবিআর বলছে, এতে সুযোগটি অপব্যবহার হতে পারে। এনবিআরের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ট্রানশিপমেন্ট নেওয়া জাহাজের পণ্য সরেজমিনে পরিদর্শন করার মতো লোকবল শুল্ক বিভাগের এই মুহূর্তে নেই। অথচ এখানে কড়া নজরদারি দরকার। কেননা, অন্য দেশের ট্রানজিট পণ্য একটি জাহাজ থেকে আরেকটি জাহাজে নামানো হবে। এতে অনেক পণ্য অভ্যন্তরীণ বাজারে ঢুকে পড়তে পারে। এদিকে ভারত দীর্ঘদিন ধরে আশুগঞ্জ বন্দর পর্যন্ত বড় জাহাজে এনে বাংলাদেশি ছোট জাহাজে তা মেঘালয় সীমান্তে নিয়ে যাওয়ার সুবিধা দাবি করছে। গত বছরের আগস্ট মাসে ভারতীয় ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল এনবিআরের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে। বৈঠকে নৌ-প্রটোকলের আওতায় একই নৌপথ ব্যবহার করে ট্রানপিশমেন্টের সুযোগ দেওয়ার দাবি করেন ভারতীয় ব্যবসায়ীরা। ভারতীয় প্রতিনিধিদলটি একই দাবিতে নৌ-মন্ত্রণালয়েও একটি চিঠি দেয়।