আবারও দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার দরপতন। আবার লেনদেন দেড় শ কোটি টাকার নিচে। এর মধ্যে নিষ্ক্রিয় ঋণ হিসাব সচল করতে বিধিও শিথিল করল নিয়ন্ত্রক সংস্থা। কিন্তু এক দিন যেতে না-যেতেই তার প্রভাব মিলিয়ে গেল। গতকাল বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক ১৮ পয়েন্ট কমেছে। আর লেনদেন নেমে এসেছে দেড় শ কোটি টাকার নিচে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা ছিল, নিষ্ক্রিয় ঋণ হিসাব সচলের ব্যবস্থা করা হলে তাতে লেনদেন বাড়বে। আর বিশ্লেষকেরা দিয়েছিলেন কিছুটা ভিন্নমত। তাঁদের মতে, সাময়িক এসব উদ্যোগের ফলও সাময়িক। দীর্ঘ মেয়াদে বাজারে স্থিতিশীলতা ফেরাতে হলে নতুন করে অর্থ সরবরাহ বাড়াতে হবে। এর কোনো বিকল্প নেই। জানতে চাইলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলোকে বলেন, তহবিলের জোগান না বাড়ানো গেলে অন্য কোনো কিছুতেই বাজারে প্রাণ ফেরানো যাবে না। এই বাজারের একমাত্র বিকল্প এখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানো। দিন শেষে সাধারণ সূচক কমে নেমে এসেছে তিন হাজার ৭২০ পয়েন্টে। নতুন সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট কমে নেমে এসেছে তিন হাজার ৫৯০ পয়েন্টে। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৪৮ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৬২ কোটি টাকা কম। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ১১৯ পয়েন্টে। এদিন লেনদেনের পরিমাণ ছিল ২৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ছয় কোটি টাকা কম।