আবারও দরপতন, আবারও বিক্ষোভ
দুই দিন ঊর্ধ্বমুখী প্রবণতার পর আজ রোববার আবারও দেশের শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। এর প্রতিবাদে আজও মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিক্ষোভ করেছেন কিছু বিনিয়োগকারী। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বেলা আড়াইটা থেকে তিনটা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানায়, গত বুধ ও বৃহস্পতিবার শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করে। এতে কিছুটা হলেও বিনিয়োগকারীরা আশান্বিত হন। তবে আজকের পতনে পুঁজি হারিয়ে আবারো আশাহত হয়েছেন তাঁরা। আর তাই তাঁরা আজ আবারও বিক্ষোভ করেন। বেলা আড়াইটার দিকে বিনিয়োগকারীরা ডিএসইর মূল ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। বিনিয়োগকারীরা বরাবরের মত অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন ও ডিএসইর সভাপতি রকিবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একইসঙ্গে, পুঁজিবাজারে কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাঁরা।