আবারও দরপতন আবারও বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে আজ বুধবার আবারও দরপতন হয়েছে। এতে পুঁজি হারিয়ে আবারও বিক্ষোভ করেছেন সাধারণ বিনিয়োগকারীরা। আজ দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৫১ পয়েন্ট এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪১৭ পয়েন্ট পতন হয়।প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা আড়াইটার দিকে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২০০ পয়েন্টের মতো পড়ে গেলে বিভিন্ন ব্রোকারেজ হাউস থেকে বের হয়ে বিনিয়োগকারীরা ডিএসইর সামনে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল শুরু করেন। এ সময় তাঁরা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ও ডিএসইর সভাপতির পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে মতিঝিল শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে পড়ে।প্রায় দেড় ঘণ্টা পর বিকেল চারটার দিকে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে আজকের মতো কর্মসূচি স্থগিত করা হয়। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের আহ্বায়ক মিজান উর রশিদ চৌধুরী। সমাবেশে তিনি আগামীকাল সকালে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা এবং একই সঙ্গে আগামীকাল থেকে ডিএসইতে লেনদেন বন্ধ রাখার আহ্বান জানান।হুমায়ুন কবির নামের এক বিনিয়োগকারী জানান, তিনি প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকা ঋণ নিয়ে পুঁজিবাজারে টাকা খাটিয়েছেন। অব্যাহত দরপতনে ধৈর্য ধরতে ধরতে পুঁজি হারিয়ে তিনি এখন প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন। তিনি বলেন, ‘এখন নিজের রক্ত বিক্রি করেও ঋণের টাকা পরিশোধ করতে পারব না।’আলমগীর নামের আরেক বিনিয়োগকারী সাংবাদিকদের বলেন, ‘ভাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ আমরা ফকির হয়েছি তাতে সমস্যা নেই। নতুন করে যেন আর কেউ ফকির না হয়।’বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাক বলেন, অব্যাহতভাবে দরপতনের পরও সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না। তাই লেনদেন বন্ধ রাখার দাবি জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি।বাজার পরিস্থিতি: আজ ডিএসইতে সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে সূচক কমার গতি আরও বেড়ে যায়। বেলা দুইটা ২৫ মিনিটের দিকে সাধারণ মূল্যসূচক ২০২ পয়েন্ট কমে যায়। তবে দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৫১.৭৫ পয়েন্ট কমে ৫,২৯২.৫৩ পয়েন্টে দাঁড়ায়। আজ লেনদেন হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে ২৩৮টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ১৫টির এবং অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জে আজ লেনদেন হয়েছে ৩২৪ কোটি টাকা, যা গত দিনের চেয়ে ২৫ কোটি টাকা কম।আজ লেনদেনে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—তিতাস গ্যাস, এমআই সিমেন্ট, বিএসআরএম স্টিল, আফতাব অটো, পিপলস লিজিং, বেক্সটেক্স, ইউনাইটেড এয়ার, বেক্সিমকো, এনবিএল ও মালেক স্পিনিং।অন্যদিকে সিএসইতে ৪১৭.০৩ পয়েন্ট কমে ১৪৭৯৪.৩৫ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে লেনদেন হওয়া ১৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৮২টির দাম কমেছে। বেড়েছে মাত্র ১১টির এবং অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের দাম। আর লেনদেনের পরিমাণ ৪৫ কোটি টাকা, যা গতকালের চেয়ে চার কোটি টাকা কম।