আবারও দরপতনের ধারায় বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিএসই
ডিএসই

টানা তিন দিন ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চললেও আজ বুধবার আবারও দরপতনের ধারায় দেশের শেয়ারবাজার। শুরুতে বাজার কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও এখন নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচকও কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩,৯৩৮ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা ১১টা ৫৫ মিনিটে সূচক ৩২ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার হার কমতে শুরু করে। দুপুর ১২টার পর থেকে সূচক নিম্নমুখী প্রবণতায় যায়, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৬০ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩৩টির দাম কমেছে; বেড়েছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জেনারেশন নেক্সট ফ্যাশন, বিএসসিসিএল, ইউসিবিএল, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, মালেক স্পিনিং, বেক্সিমকো, ইউনাইটেড এয়ার, আরগন ডেনিমস, এনভয় টেক্সটাইল, তাকাফুল ইনস্যুরেন্স প্রভৃতি।