আবারও দরপতনের ধারায় শেয়ারবাজার
দুই দিন কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চললেও আজ বৃহস্পতিবার আবার দরপতনের ধারায় দেশের শেয়ারবাজার। আজ শুরু থেকেই নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে।
দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ডিএসইতে প্রায় সব কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচক কমেছে। একই সঙ্গে লেনদেনেও ধীর গতি লক্ষ করা যাচ্ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩,৮২৭ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। নিম্নমুখী এই প্রবণতা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৫৯ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০৩টির দাম কমেছে; বেড়েছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জেনারেশন নেক্সট ফ্যাশন, মালেক স্পিনিং, এনভয় টেক্সটাইল, আরগন ডেনিমস, বিএসসিসিএল, জেএমআই সিরিঞ্জ, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, মেঘনা পেট্রোলিয়াম, মারিকো, বিডি বিল্ডিং প্রভৃতি।