আবারও পড়তির দিকে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও কমতে শুরু করেছে। চাহিদার তুলনায় অতিরিক্ত উৎপাদন ও প্রাকৃতিক গ্যাসের অব্যাহত দরপতনে তেলের দাম গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
যুক্তরাষ্ট্রের বাজারে গতকাল মঙ্গলবার পর্যন্ত প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৪৩ ডলারে নেমে এসেছে। একইভাবে ইউরোপভিত্তিক ব্রেন্ট ক্রুডের দামও কমে প্রতি ব্যারেল ৪৪ ডলার ৭৫ সেন্ট হয়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে গত এপ্রিলের পর জ্বালানি তেলের দাম গত এক মাসে ১২ শতাংশ কমেছে। গত ১০ মের পর ব্রেন্ট ক্রুডের দাম এখন সর্বনিম্ন পর্যায়ে চলে এসেছে।
তেলের দাম কমতে থাকায় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দামও কমতে শুরু করেছে। শেভরনের শেয়ারের দাম গত এক দিনের ব্যবধানে ২ দশমিক ৬ শতাংশ ও এক্সন মোবিলের শেয়ারের দাম ১ দশমিক ৮ শতাংশ কমে গেছে।
জ্বালানি বিশেষজ্ঞ সঞ্জীব গুপ্তা বিবিসিকে বলেন, অনিশ্চয়তার আশঙ্কায় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো উৎপাদন বাড়িয়ে দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান জেসস্কেপের উপাত্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্র নিজেদের তেল ও গ্যাসের উৎপাদন বাড়িয়েছে। চার সপ্তাহ ধরেই এ প্রবণতা চলছে।