আবারও পাঁচ হাজার পয়েন্টের নিচে ডিএসইর সূচক
দেশের শেয়ারবাজারে আজ সোমবারও বড় দরপতন হয়েছে। সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়, যা সারা দিনই অব্যাহত ছিল। আর দিন শেষে ডিএসতে লেনদেন হওয়া প্রায় সব কোম্পানির শেয়ারের দাম কমায় সূচক কমেছে। এ দিকে শুরুতেই ডিএসইর সাধারণ মূল্যসূচক পাঁচ হাজার পয়েন্টের নিচে নেমে আসে।অন্যদিকে এই দরপতনের প্রতিবাদে দুপুর ১২টা থেকে বিকেল পৌনে চারটা পর্যন্ত বিক্ষোভ করেন বিনিয়োগকারীরা।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩.২৬ শতাংশ বা ১৬৪ পয়েন্ট কমে ৪৮৭৭ পয়েন্টে দাঁড়ায়। সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়, ১২টায় সূচক ২৩৮ পয়েন্ট কমেছিল। এরপর সূচক কিছুটা ঊর্ধ্বমুখী হয়।ডিএসইতে আজ মোট ২৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৩৫টিরই দাম কমেছে। বেড়েছে ১৫টির আর অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩২১ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১১৫ কোটি টাকা বেশি।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বেক্সিমকো, গ্রামীণফোন, সোস্যাল ইসলামী ব্যাংক, তিতাস গ্যাস, এনবিএল, ইউসিবিএল, মার্কেন্টাইল ব্যাংক, সামিট পাওয়ার, এমআই সিমেন্ট ও বেক্সিমকো ফার্মা।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৪২৪ পয়েন্ট কমে ১৩৯৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৬২টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ছয়টির এবং কমেছে ১৫৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে ৩৪ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৭ কোটি টাকা বেশি।বেলা পৌনে ১২টার দিকে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২০০ পয়েন্টের বেশি পড়ে গেলে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে আসেন। তাঁরা ডিএসইর সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ডিএসইর সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকেল পৌনে চারটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। বিনিয়োগকারীরা বাজারে স্থিতিশীলতা আনতে সরকারের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেন।